২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের খুব ভালো সুযোগ দেখছেন মাশরাফি

এশিয়া কাপের ফাইনালে খেলার খুব ভালো সম্ভাবনা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। শিরোপা লড়াইয়ে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শহিদ আফ্রিদির পাকিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:10 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

ভারতের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে। আগামী বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফির দল।
 
সেই ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবছে না স্বাগতিকরা।
 
গত বছর দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তানকে একমাত্র টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ই এবার মাশরাফিদের বড় অনুপ্রেরণা।
 
রান রেটে পিছিয়ে ভারতের পরেই দুই নম্বরে আছে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশ। নিজেদের শেষ দুই ম্যাচে সতীর্থরা যেমন ক্রিকেট খেলেছে তার পুনরাবৃত্তি করতে পারলে ফাইনালের খুব ভালো সম্ভাবনা দেখছেন অধিনায়ক। 
 
“সম্ভাবনার কথা বলবো যে, প্রতিটি জায়গায়ই সুযোগ আছে। তবে একটা নতুন ম্যাচ হবে কাল। যারা জিতবে তাদেরই ফাইনালে খেলার সুযোগ বেড়ে যাবে। সুতরাং এখানে আমাদের প্রতিটি জায়গায়ই সুযোগ আছে।”
 
বাংলাদেশের মতো ভারতের কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। প্রথম জয়টি পেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে দলটিকে। তবে পাকিস্তানের প্রতি সমীহের কমতি নেই মাশরাফির।
 
“তারা একবার টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি খেলে। আমরা নতুন শুরু করেছি, অনেক কিছু চেষ্টা করেছি অনুশীলনে। আমরা সেগুলো নিয়েই এগিয়ে যাচ্ছি।”