‘তাসকিনের যন্ত্রণার চেয়ে তৃপ্তি বেশি’
৩ ম্যাচে ১ উইকেট, এশিয়া কাপের উইকেট শিকারে এখনও পর্যন্ত তলানির দিকে তাসকিন আহমেদ। তবে দুর্ভাগা বোলারের তালিকা করা হলে হয়তো থাকবেন সবার ওপরে। ৩ ম্যাচে ৪টি ক্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের এই ফাস্ট বোলারের বলে!
তাতে অবশ্য ভেঙে পড়ছেন না তাসকিন আহমেদ। নিজের মত বোলিং করতে পেরেই খুশি তরুণ ফাস্ট বোলার। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলছেন, হতাশার চেয়ে তাসকিনের ভালো লাগাই বেশি।
তাসকিনের প্রথম দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়েছিল দলের হার। তার বলেই পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ ছাড়লেন সাকিব আল হাসান। জীবন পেয়ে সেই রোহিত অসাধারণ ব্যাটিংয়ে গড়ে দিলেন ভারতের জয়ের ভিত্তি। পরের দুই ম্যাচে বাংলাদেশ জিতলেও আরও তিনটি ক্যাচ হাতছাড়া হয়েছে তাসকিনের বলে।
একজন তরুণ বোলারের তাতে দমে যাওয়া অস্বাভাবিক নয়। তাসকিনের মাঝে মন খারাপের লেশ মাত্র নেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন মিরপুর ইনডোরের নেটে ঘাম ঝরালেন অনেকক্ষণ। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, দুর্ভাগ্য ভর করায় কাবু নন।
“এতগুলো ক্যাচ মিস হলে খারাপ একটু লাগবেই। তবে ওইটুকুই। ক্যাচ যেমন মাঠে পড়েছে, সেটা নিয়ে ভাবনাও আমি মাঠে ফেলে এসেছি। কোচ, বোলিং কোচ, অধিনায়ক, দলের সবাই আমাকে বলেছে যে নিজের কাজটা আমি একদম ঠিকঠাক করছি। আমার কাছে এটাই আসল।”
টুর্নামেন্ট জুড়ে দারুণ গতিময় ও আগ্রাসী বোলিং করে চলেছেন তাসকিন। ১৪৭ কিলোমিটার গতি তুলেছিলেন, ১৪২-১৪৩ করছেন নিয়মিতই। চোট পুরোপুরি কাটিয়ে ওঠার পর অনেক খেটেছেন ফিটনেস ও বোলিং নিয়ে। ওজন হয়ে গিয়েছিল ৮৬ কেজি, সেখান থেকে কমিয়ে এনেছেন ৭৯ কেজিতে। পুরো ফিট হয়ে আর বোলিংয়ে ছন্দে ফিরতে পেরেই খুশি তাসকিন।
“মাঝে বেশ কিছুদিন পুরোপুরি ছন্দে ফিরতে পারিনি। ইনজুরি সমস্যাও ছিল। এখন পুরো ফিট। নিজের মত করে বোলিং করতে পারছি। এতেই বেশি ভালো লাগছে।”
এমনিতেই সবসময় দলের সবাইকে মোটামুটি আগলে রাখেন মাশরাফি। আর এরকম প্রয়োজনের সময় সতীর্থরা আরও বেশি করে পাশে পায় বাংলাদেশ অধিনায়ককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানালেন, ক্যাচ মিসের পর মাঠে কিভাবে চাঙা করেছেন তাসকিনকে।
“প্রতিবারই ক্যাচ মিসের পর আমি ওকে বলেছি, ‘এই মুহূর্তে ওই বলটি ভুলে যাও। এটা নিয়ে ভাবনা বা কথা কিছু হলে ম্যাচের পর হবে। এখন পরের বলটিতে মন দাও।’ বললেই ভুলে যাওয়া কঠিন। তবে সে চেষ্টা করেছে।”
ম্যাচের পরও তাসকিনের সঙ্গে অধিনায়কের আলাপচারিতায় ছিল শুধু অণুপ্রেরণারই সব কথা।
মাশরাফির মতে, এখন যেমন ক্যাচ মিসের অপূর্ণতা, ক্রিকেটের নিয়মেই আবার প্রাপ্তিতে টইটম্বুর সময়ও আসবে তাসকিনের।
“এখন খুব ভালো বোলিং করেও উইকেট পাচ্ছে না। আবার অনেক সময় আসবে, বাজে বল করেও উইকেট পাবে। হয়ত অন্যরা ভালো বোলিং করবে, উইকেট সব নিয়ে যাবে তাসকিন। ক্রিকেট খেলাটাই এমন। কাজেই হতাশার কিছু নেই। নিজের কাজটা করতে পারাই গুরুত্বপূর্ণ।”
সবশেষ দুই ম্যাচে তাসকিনের বলে তিনটি ক্যাচই ছেড়েছেন সৌম্য সরকার। বয়স ভিত্তিক দল থেকেই এক সঙ্গে খেলে আসা সতীর্থের ফিল্ডিংয়ে কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই তাসকিনের।
“শ্রীলঙ্কা ম্যাচের পর সৌম্য এসে বলেছিল, ‘সরি’। আমি বলেছি, ‘ধুর, এসবের দরকার নেই। সাকিব ভাইয়ের বলে তুই দিলশানের যে অসাধারণ ক্যাচটি নিয়েছিস, তাতেই সব পুষিয়ে গেছে।’ আমার কোনো আক্ষেপ নেই।”
এই একতা, এমন পারস্পরিক সৌহার্দ্য, এই বাংলাদেশ দলের সাফল্যের সবচেয়ে বড় রেসিপি হয়ত এটিই!
