পিএসএল থেকে আগেই ফিরতে হতে পারে সাকিব-তামিমদের
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান। কিন্তু জাতীয় দলের প্রয়োজনে চার ক্রিকেটারকে আগেই ফিরতে হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাইমুর রহমান।
আগামী ৪ থেকে ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল। এই টুর্নামেন্টে সাকিব ও মুশফিক খেলবেন করাচি কিংসের হয়ে। তামিম পেশাওয়ার জালমি ও মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টকেই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। তাই পিএসএলের শেষ দিকে ফিরে আসতে হতে পারে চার ক্রিকেটারকে।
বুধবার বিসিবির ক্রিকেটর পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান জানান, সম্পূর্ণ ফিট থাকলে পিএসএলে সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজের খেলতে যেতে কোনো বাধা নেই।
“ওরা সম্পূর্ণ সময়ের জন্যই যাবে। কিন্তু জাতীয় দলের কোনো প্রয়োজন হলে ওদের ফিরে আসতে হবে। অনাপত্তিপত্র ওভাবেই দেওয়া আছে, দরকার পড়লে যে কোনো সময়ে ফিরেয়ে আনা যাবে।”
এশিয়া কাপের ফাইনাল হবে ৬ মার্চ। এই টুর্নামেন্টের ফাইনালে উঠলে ৪ ও ৬ মার্চের বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হবে না বাংলাদেশের।
এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রস্তুতি নিতে খুব বেশি দিন সময় থাকবে মাশরাফি বিন মুর্তজা-চন্দিকা হাথুরুসিংহের হাতে। তাই ২৫ ফেব্রুয়ারির আগেই চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ডেকে পাঠাতে পারে বাংলাদেশ।
৯ মার্চ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার টেনে যাওয়ার লড়াই।
