‘প্রথম ১০ ওভারে প্রান্ত বদল করে খেলা কঠিন’
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের শুরুতে এক-দুই রানের জন্য ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। ম্যাচ শেষে তাদের একজন তামিম ইকবাল জানিয়েছেন, ওয়ানডেতে প্রথম ১০ ওভারে প্রান্ত বদল করে খেলা ভীষণ কঠিন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৪৭ রান তুলেন তামিম ও ইমরুল। এই সময়ে ৪৪টি বল ডট দেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
তামিম-ইমরুল প্রথম ১০ ওভারে ১৬টি স্কোর শট খেলেন। এর পাঁচটি ছিল চার আর দুটি ছক্কা। একটি দুই আর বাকি আটটি ছিল এক রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রান্ত বদল করে খেলা সম্পর্কে প্রশ্ন করা হলে তামিম বলেন, “ওয়ানডেতে প্রথম ১০ ওভারে এক রান বের করা কঠিন। এই সময়ে ফিল্ডাররা ওপরে থাকে। দ্বিতীয়ত, উইকেট অনেক মন্থর ছিল। প্রথম ১০ ওভারে যেভাবে ব্যাটিং করে রান বের করা যায় আজকে সেভাবে রান করা যাচ্ছিল না।”
৭৩ রানের ভালো একটি ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা তামিম মনে করেন, তিন ম্যাচেই উইকেট বুঝে ব্যাটিং করেছেন তারা।
“আরও রান হলে খুব ভালো হয়। তবে আমার কাছে মনে হয়, আমরা ভালো করেছি।”
