২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!

নতুন ব্যাটসম্যানদের জন্য মুস্তাফিজুর রহমানকে খেলা প্রায় অসম্ভব বলে মনে করেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 11:00 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। উইকেট নিচ্ছেন প্রায় নামতাগুণে। তবে এর চেয়েও বড় ব্যাপার, মুস্তাফিজের বোলিং বুঝতেই হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত-দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান থেকে শুরু করে জিম্বাবুয়ে, মুম্তাফিজকে পড়তেই পারছেন না ব্যাটসম্যানরা।

মুস্তাফিজকে ঠিকমতো পড়তে পারেন না তামিম ইকবালও। বুধবার তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে ওই ওপেনার জানালেন, নতুনদের জন্য কতটা দুর্বোধ্য মুস্তাফিজ।

“আমিও কিন্তু মুস্তাফিজের জন্য নতুন! এর আগে ওকে কোনো জায়গায় খেলিনি। নেটে ব্যাটিং করলে হয়ত দুই-তিনবার ওর বলে ব্যাটিং করেছি। ওকে যারা প্রথম খেলে, তাদের জন্যে ওকে খেলা শুধু কঠিন নয়, অসম্ভব। হয়তো বা অনেক ব্যাটিং করলে বা অনেকদিন খেললে ওর সম্পর্কে একটা ধারণা হবে।”

মুস্তাফিজ বোলিংয়ে আসলে সব সময়ই কিছু না কিছু হওয়ার রোমাঞ্চ থাকে, জানালেন তামিম।

“ও যখন বোলিংয়ে আসে, আমরা সব সময় অনুভব করি যে কিছু একটা হবে। এমন একজন বোলারে ঘাটতি ছিল আমাদের এত দিন। যে কিনা শুরুতে-শেষে- মাঝে, যে কোনো সময় উইকেট এনে দেবে। গত তিন সিরিজের ওর যা সাফল্য, তাতে আমাদের মূল নায়ক মুস্তাফিজই।”