মাহমুদউল্লাহর আউট-নট আউট নিয়ে নাটক!
জিম্বাবুয়ে-বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহর আউট হওয়া, না হওয়া নিয়ে নাটক হয়েছে বিস্তর। খেলা থমকে ছিল প্রায় ৮ মিনিট।
বাংলাদেশের ইনিংসের ৪৫তম ওভারের সেটি শেষ বল। গ্রায়েম ক্রেমারের বলে কাভারে বল পাঠিয়েই রান নিতে ছুটেছিলেন মাহমুদউল্লাহ। অপর প্রান্তে মাশরাফি সাড়া দেননি। কাভার থেকে সিকান্দার রাজার সরাসরি থ্রো যখন স্টাম্পে লাগল, মাহমুদউল্লাহ ক্রিজের অনেক বাইরে। আউট ভেবে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছিলেন মাহমুদউল্লাহ।
নাটকের শুরু তখনই। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগার আগেই উইকেটকিপার রেজিস চাকাভার গ্লাভসে লেগে বেলস পড়ে যায়। প্রায় সীমানা পেরিয়ে যেতে থাকা মাহমুদউল্লাহকে থামান তামিম ইকবাল। ড্রেসিং রুম থেকে বেরিয়ে তামিম মাহমুদউল্লাহকে বলেন মাঠেই অপেক্ষা করতে।
উইকেটকিপার চাকাভা ঠিকই জানতেন আগেই বেলস পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর তাই আবার ফিল্ডারদের কাছ থেকে বল চেয়ে নেন চাকাভা। বল হাতে নিয়ে নিয়ম অনুয়ায়ী উপড়ে ফেলেন স্টাম্প। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। জিম্বাবুয়ের ক্রিকেটারদের উদযাপনও প্রায় শেষের পথে। নিয়ম অনুযায়ী বল খেলায় ছিল না, মানে হয়ে গেছে ‘ডেড’।
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকবার রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার বাংলাদেশের এনামুল হক সিদ্ধান্ত দেন ‘নট আউট’। গ্যালারির গলা ফাটা উল্লাসে উইকেটে ফেরেন মাহমুদউল্লাহ। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটাররা বেঁকে বসেন। অধিনায়ক চিগুম্বুরা মাঠের দুই আম্পায়ারকে জানান যে, তারা পরে স্টাম্প উপড়ে নিয়েছেন। আম্পায়াররা আবারও তৃতীয় আম্পায়ার শরণাপন্ন হন। আবারও রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেন স্টাম্প উপড়ানোর আগেই বল ‘ডেড’ হয়ে গেছে। মাহমুদউল্লাহ নট আউট!
চূড়ান্ত সিদ্ধান্তের পরও সেটা মেনে নিতে পারছিলেন না জিম্বাবুইয়ানরা। আরও এক দফা মাঠে একত্র হয়ে কথা বলেন তারা নিজেদের মধ্যে। মাঠের বাইরে থেকে বার্তা দিয়ে পাঠানো হয় অতিরিক্ত ফিল্ডারদের। শেষ পর্যন্ত খেলায় ফেরেন তারা।
শেষ পর্যন্ত শেষ ওভারেই সেই চাকাভার হাতেই রান আউট হন মাহমুদউল্লাহ। তবে ৩২ রানে বেঁচে যাওয়া ব্যাটসম্যান ততক্ষণে করে ফেলেছেন অর্ধশতক। ৩৮ বলে অর্ধশতক ছুঁয়ে আউট হন ৫২ রানে।
