জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির স্বস্তি
প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও বাংলাদেশ অনেক চাপে ছিল, জানালেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে তাই স্বস্তি পাচ্ছেন অধিনায়ক।
এই সিরিজে বাংলাদেশই ছিল পরিষ্কার ফেবারিট। হোয়াইটওয়াশ ছিল প্রত্যাশিতই। শুধু সিরিজ জিতলে হতো না, জয়ের প্রয়োজন ছিল সব ম্যাচেই। একটি ম্যাচও হারলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে হারাত দুটি রেটিং পয়েন্ট।
হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে তাই মাশরাফির কণ্ঠে উঠে এলো স্বস্তি।
“৩-০তে জয়টা অবশ্যই স্বস্তির। আমাদের বিপক্ষে একটা বড় দল খেলতে এলে তারাও চাপে থাকে যে হারলে অনেক সমালোচনা হবে। আমাদেরও এটা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে এটাই স্বাভাবিক, হারলে অনেক সমালোচনা হতে পারে। এখান থেকেই চাপ সৃষ্টি হয়।”
তবে এই চাপটা যে ভালো খেলার অনুপ্রেরণাও, সেটাও বলতে ভোলেননি অধিনায়ক।
“কিছুটা চাপে থাকলে মাঠে পারফর্ম করা সহজ হয়, মনোযোগ ধরে রাখা যায়। চাপটা থাকলে পারফর্ম করতেও সুবিধা হয়।”
