২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপ নিয়ে খেলার অভ্যাসের দরকার আছে’

বাংলাদেশের কাছে সর্বশেষ ১১টি আন্তর্জাতিক ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। দুয়েকটা ম্যাচ বাদ দিতে বাকিগুলোতে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি এল্টন চিগুম্বুরার দলটি। তাই বলে তাদের বিপক্ষে কম খেলার কোনো ভাবনা বাংলাদেশ দলে নেই বলে জানিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:03 AM

Updated : 22 Aug 2022, 01:54 PM

গত বছর নভেম্বরে বাংলাদেশ সফরে ৫-০ ব্যবধানে ওয়ানডে ও ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে জিম্বাবুয়ে। এবার এরই মধ্যে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে অতিথি দলটি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, বাংলাদেশ তাদের সবচেয়ে চাপের সিরিজ খেলে জিম্বাবুয়ের সঙ্গে।

“সবাই আশা করে, জিম্বাবুয়ের বিপক্ষে আমরা জিতব। ওদের কাছে হারতে পারব না। এটা বাড়তি একটা চাপ তৈরি করে। এটা কোনো সময় শেষ হবে না। যেমন, আমরা যখন অস্ট্রেলিয়া কিংবা ভারতের সঙ্গে খেলি তখন ওদের মধ্যে কাজ করে যে, আমাদের বিপক্ষে কখনই হারা যাবে না। জিম্বাবুয়ের সঙ্গে খেললে আমাদের মধ্যে একই জিনিস কাজ করে।”

জিম্বাবুয়ের বিপক্ষে টানা আট ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। এই সব ম্যাচে যে চাপ নিয়ে ক্রিকেটাররা খেলেছেন, তারও দরকার আছে বলে মনে করেন তামিম।

“জিম্বাবুয়ের বিপক্ষে খেলে জিততেছি, এটারও একটা ভালো দিক আছে। চাপ নিয়ে খেলার অভ্যাসের দরকার আছে। ওদের সঙ্গে খেলা উচিত নয়, আমি এটা বিশ্বাস করি না। ওদের সঙ্গে খেলা উচিত। ওদের সঙ্গে জিতলেও কিন্তু প্রত্যোকটি ম্যাচে এমন একটা পরিস্থতি আসে যখন আমাদেরকে লড়াই করে জিততে হয়।”

আন্তর্জাতিক ক্রিকেটে এখন দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। তামিম মনে করেন, বাজে সময় কাটানোর সময় জিম্বাবুয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা খুব কাজে লাগবে।

“আমরা এখন যেমন আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো সময় কাটাচ্ছি একটা সময়ে খুব খারাপ সময় কাটাব। তখন কিন্তু এই অভিজ্ঞতা কাজে আসবে।”

পুরনো খবর:

বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
মুস্তাফিজের নতুন ইতিহাস
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির স্বস্তি
নাসির বলেছিলেন বলেই ৫ স্লিপ, ৩ গালি!
‘অনেক বড় বোলারের রেকর্ড ভাঙবে মুস্তাফিজ’
ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ
আবার হোয়াইটওয়াশের তৃপ্তি বাংলাদেশের
মাহমুদউল্লাহর আউট-নট আউট নিয়ে নাটক!