সোমবারই সিরিজ জেতার লক্ষ্য
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ দাঁড়িয়ে আছে আরেকটি সিরিজ জয়ের সামনে। তবে এর জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চান উদ্বোধনী এই ব্যাটসম্যান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে তামিম জানান, পুরো সিরিজ নয়, আপাতত কেবল দ্বিতীয় ওয়ানডে নিয়েই ভাবছেন তারা।
“যে কোনো সিরিজের প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে খেলোয়াড়রা একটু দ্বিধায় থাকে, একটু স্নায়ু চাপে থাকে। প্রথম ম্যাচের ফল যাদের পক্ষে যায়, তাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস আমাদের আছে।”
শনিবার প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের শতকে ৯ উইকেটে ২৭৩ রান করা বাংলাদেশ জেতে ১৪৫ রানে। সেই ম্যাচে ১২৮ রানে অলআউট হওয়া জিম্বাবুয়েকে স্বাগতিকরা মোটেও হালকাভাবে নিচ্ছে না।
টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। তামিম জানান, রেকর্ড নিয়ে ভাবছেন না। তাদের ভাবনাজুড়ে কেবল সামনের ম্যাচ।
“এ বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। সিরিজ জেতা বা রেকর্ড নিয়েও খুব চিন্তা করছি না। আমাদের চিন্তা কেবল কালকের ম্যাচটি নিয়ে। ওইটা জিতলে সিরিজও জেতা হয়ে যাবে, এটা ঠিক।”
