২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের সামর্থ্যে অগাধ আস্থা অধিনায়কের

ওয়ানডেতে এখন পর্যন্ত বড় রানের মুখ দেখেননি লিটন দাস। তবে তরুণ এই প্রতিভাবান ব্যাটসম্যানের ওপর বিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 10:56 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন লিটন দাস। ৭ ওয়ানডে খেলে তার রান ১০০, সর্বোচ্চ ৩৬।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল লিটনের পারফরম্যান্স নিয়ে। মাশরাফি মনে করিয়ে দিলেন পেশাদারিত্বের কথা।

“আমাদের মাঝে একটা বাজে চিন্তা আছে। আমরা কাউকে দ্রুত নিয়ে নেই, আবার দ্রুত বাদ দিয়ে দেই। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরও পেশাদার হতে হবে আমাদের। যাকে দলে নেওয়া হয়, তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে।”

অধিনায়কের বিশ্বাস, দ্রুতই সমালোচনার জবাব দেবেন লিটন।

“আমার বিশ্বাস, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে লিটন; না পারলে তার পরের ম্যাচে পারবে। ওর অবশ্যই খুব ভালো সামর্থ্য আছে এই পর্যায়ে খেলার।”

ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দিয়েই জাতীয় দলে এসেছিলেন লিটন। মাশরাফিসহ সাকিব-তামিম-মুশফিকের মত সিনিয়র ক্রিকেটারা অনেকবার বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভবিষ্যত লিটন। আরও এক বার সেই উচ্চারণ শোনা গেল মাশরাফির কণ্ঠে।

“একটা বড় ইনিংস খেললেই সব ঠিক হয়ে যাবে। আত্মবিশ্বাসটা পাবে সে, নিয়মিত রান করা শুরু করবে। আমরা চেষ্টা করছি, ওকে সেই বিশ্বাসটা দেওয়ার। বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার হবে লিটন।”