‘আমরাই সাকিবকে উইকেট দিয়েছি’
জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরার দাবি, তার দলের ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের জন্যই ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
মন্থর উইকেটে মুশফিকুর রহিমের দারুণ শতকে বাংলাদেশ গড়েছিল ২৭৩ রানের মোটামুটি বড় স্কোর। পরে বল হাতে সাকিব আল হাসানের ৫ উইকেট ধসিয়ে দিয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন সাকিব।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য সাকিবের বোলিংয়ের চেয়ে নিজেদের বাজে ব্যাটিংকেই বেশি দায় দিলেন এল্টন চিগুম্বুরা।
“সাকিব ৫ উইকেট পেয়েছে বটে, কিন্তু বল খুব বেশি টার্ন করছিল না; এমন কোনো হুমকিও ছিল না। আমরা বাজে খেলেছি, ওকে উইকেটের পর উইকেট দিয়ে এসেছি। আর সে তো অভিজ্ঞ, উইকেটকে খুব ভালো কাজে লাগিয়েছে। আমি নিশ্চিত, আজকে যেভাবে খেলেছি, আমাদের ছেলেরা এর চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান।”
শনিবার ৫ উইকেট নিতে ১০ ওভারে ৪৭ রান দেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।
টেস্টে ১৪ বার ইনিংসে ৫ উইকেট পেলেও ওয়ানডেতে ম্যাচে তা পারছিলেন না সাকিব। এই ম্যাচের আগে ৬ বার পেয়েছেন ৪ উইকেট।
অবশেষে ৯ বছরের বেশি ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন সাকিব ১৫৭ তম ম্যাচে এসে।
