২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হতাশা ভুলেছেন মুশফিক

চার বছর আগে মুশফিকুর রহিমের প্রথম ওয়ানডে শতক পাওয়ার ম্যাচে জিম্বাবুয়ের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার দলের জয়ে শতক পাওয়ায় সেই হতাশা ভুলেছেন মুশফিক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 11:26 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১২৮ রানে অলআউট করে ১৪৫ রানের বড় জয় পায় বাংলাদেশ।

১০৭ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুশফিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চার বছর আগের সেই হতাশা ভোলার কথা জানান তিনি।

“ওটার জন্য আসলে আফসোস ছিল। আপনি যখন একটা মাইলফলক গড়বেন তখন যদি দল হেরে যায় তখন স্বাভাবিকভাবেই আপনার খারাপ লাগবে।”

২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন মুশফিক। প্রায় একাই দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ ওভারে দশম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হলে দল হেরে যায় ৫ রানে।

চতুর্থ ওয়ানডে শতক পাওয়া মুশফিক বলেন, “সে দিন অনেক হতাশ ছিলাম। আজকে অবদান রাখতে পেরেছি, দলে জিতেছে এটাই ভালো একটা অনুভূতি।”