সাকিবের স্বস্তি, সাকিবের আক্ষেপ
ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়ে স্বস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আউটের ধরনে ম্যাচ শেষে আক্ষেপও ঝরলো বিশ্বসেরা এই অলরাউন্ডার কণ্ঠে।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে এর আগে ৬ বার ৪ উইকেট পেলেও ৫ উইকেট ছিল অধরা। ৯ বছরের বেশি ওয়ানডে ক্রিকেট খেলার পর ১৫৭তম ম্যাচে এসে প্রথমবার দেখা পেলেন ৫ উইকেটের।
ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভিকে দেওয়া সাক্ষাতকারে সাকিবের কণ্ঠে ছিল স্বস্তি।
“এমন কিছুর জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। অবশেষে ৫ উইকেট পেয়ে খুব ভালো লাগছে।”
উইকেটের সহায়তা ও ভাগ্যের অবদানের কথাও জানালেন সাকিব।
“উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা ছিল। আমি জায়গা মত বল রেখেছি, ভাগ্যও ভালো ছিল। ভাগ্যে অবশ্যই বিশ্বাস করি আমি, তবে কঠোর পরিশ্রম করলেই ভাগ্যকে পাশে পাওয়া যায়।”
বল হাতে বহু আরাধ্য মাইলফলকের দেখা পেলেও ব্যাটিংয়ে বাজে এক শটে আউট হয়েছেন সাকিব। নিজের শটের জন্যও আক্ষেপও ঝরল কণ্ঠে।
“আমার মনে হয় ব্যাটিংয়ে আমরাদের ২০-২৫ রান কম হয়ে গিয়েছিল। উইকেট খুব কঠিন ছিল না। আমরা শটটিও ওই সময়ে ঠিক হয়নি।”
তবে দলের বড় জয়ে তৃপ্ত তিনি। খুশি দলের সাফল্য বজায় থাকাতেও।
“আমাদের উন্নতি আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি।”
