২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ হারিয়ে তামিমের আক্ষেপ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থিতু হয়েও আউট হয়ে যাওয়ায় আক্ষেপ করলেন তামিম ইকবাল। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান তাকিয়ে এখন পরের ম্যাচের দিকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 06:23 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

পুরনো খবর:

র‌্যাঙ্কিং নিয়ে ভাবছে না বাংলাদেশ
এত সহজ জয়ের কথা ভাবেননি তামিম
সোমবারই সিরিজ জেতার লক্ষ্য
জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হচ্ছে না সাকিবের
নিজের দুর্ভাগ্যে হাসলেন মাশরাফি!
লিটনের সামর্থ্যে অগাধ আস্থা অধিনায়কের
‘আমরাই সাকিবকে উইকেট দিয়েছি’

শনিবার প্রথম ওয়ানডেতে ৬৮ বলে ৪০ রান করে আউট হয়েছেন তামিম। মন্থর উইকেটে শুরুতে তামিমকে বেশ বেগ পেতে হয়েছে টাইমিং খুঁজে পেতে। তিনটি চার ও দুটি ছক্কা মারলেও ডট বল খেলেছেন ৪৯টি।

রান করতে লড়াই করলেও উইকেট আঁকড়ে রেখেছিলেন তামিম। কিন্তু ৪০ রান করে উইকেট উপহার দেন প্রতিপক্ষকে। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের কণ্ঠে শোনা গেল আক্ষেপ।

“অবশ্যই একটা সুযোগ হারিয়েছি। সেট হয়ে গিয়েছিলাম উইকেটে, পরের ম্যাচে আমাকে শূন্য থেকেই শুরু করতে হবে আবার। আউট হওয়ার আগে হয়ত অনেক রান করতে পারছিলাম না, তবে উইকেটে থাকলে সেটা পুষিয়ে দিতে পারতাম। আশা করি, পরের ম্যাচে বড় ইনিংস খেলতে পারব।” 

তামিমের আক্ষেপ আছে নিজের আউট হওয়ার ধরন নিয়েও। সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে একটু আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন তামিম। রাজা সেটা দেখে বল একটু টেনে দিয়েছিলেন। টাইমিংয়ের হেরফেরে তামিম ফেরেন লং অনে ক্যাচ দিয়ে।

ওভাবে আউট হওয়ায় আত্মসমালোচনায় পিছপা হননি তামিম।

“আমার আউট হওয়ার ধরন বেশি ভালো ছিল না। সেট ছিলাম ওই সময়। আরও বেশি সময় ব্যাটিং করা উচিত ছিল। আমার ভাবনাটা ঠিক ছিল, প্রয়োগটা ঠিকমত হয়নি। ইচ্ছে ছিল বেরিয়ে এসে কাভারের ওপর দিয়ে মারব। কিন্তু ঠিকভাবে খেলতে পারিনি।”

প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জেতা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে সোমবার।