প্রস্তুতি ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
গত বছর বাংলাদেশ সফরে সবকটি আন্তর্জাতিক ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। সেবার প্রস্তুতি ম্যাচেও কোনো জয় পায়নি দলটি। এবার শক্তিশালী বিসিবি একাদশকে হারিয়ে সফর শুরু করেছে এল্টন চিগুম্বুরার দল। তাই ওয়ানডেতেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক।
আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক চিগুম্বুরা জানান, সফরের শুরুটা তাদের জন্য ভালো হয়েছে। পুরো সিরিজে এর ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বিসিবি একাদশকে ৭ উইকেটে হারায় জিম্বাবুবে।
“আমার মনে হয়, সবাই খুব ভালো খেলেছে। এটা ছিল প্রস্তুতি ম্যাচ, তাই বোলিংয়ের দিক থেকে সবাইকে বল করার সুযোগ দিয়েছি। ব্যাটসম্যানরা দারুণ ধৈর্য্য ধরে খেলেছেন। তারা স্বাধীনতা নিয়ে খেলেছেন। এবারের সিরিজে আমরা ব্যাপারটি দেখতে তাকিয়ে আছি।”
শুক্রবার ২৭৮ রানের লক্ষ্যে ২০ বল বাকি থাকতেই পৌঁছে যায় জিম্বাবুয়ে। এই জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে নিয়ে যেতে চান চিগুম্বুরা।
“এটা ভালো শুরু। গতবার আমরা এখানে এমনকি প্রস্তুতি ম্যাচও জিততে পারিনি। গতকাল আমরা যা করেছি আগামীকালের প্রথম ওয়ানডেতে আবার আমাদের তা করতে হবে। আর খুব বেশি কোনো পরিবর্তন করা যাবে না।”
গত বছর বাংলাদেশ সফরে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল জিম্বাবুয়ে।
