২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সেরা ক্লিন হিটারদের একজন চিগুম্বুরা’

মাশরাফি বিন মুর্তজার মতে, প্রতিপক্ষ অধিনায়ক এল্টন চিগুম্বুরা বিশ্বের সবচেয়ে ভালো ‘ক্লিন হিটারদের’ একজন। তবে নিজেদের বোলিং আক্রমণ নিয়ে তাকে ঠেকাতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 06:24 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বাংলাদেশের বেশ পুরোনো যন্ত্রণার নাম চিগুম্বুরা। ব্যাটে-বলে অনেকবার ভুগিয়েছেন বাংলাদেশকে। ব্যাট হাতে ১ হাজার ২৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে, উইকেট নিয়েছেন ২৭টি। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পদচারণায় এখন আরও পরিপক্ক এই অলরাউন্ডার। লম্বা ইনিংস যেমন খেলতে পারেন; প্রয়োজনে হয়ে উঠতে পারেন দারুণ ফিনিশার। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচেও করেছেন ৪৯ বলে অপরাজিত ৬৪।

চিগুম্বুরার ঝড় তোলার সামর্থ্য আর শেষের দিকে বোলিংয়ে বাংলাদেশের চিরন্তন দু্র্বলতা, দুটি মিলিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক হয়ে উঠতে পারেন ম্যাচের ভাগ্য গড়ার নিয়ামক। মাশরাফিদের ভাবনায়ও ব্যাপারটি আছে। প্রথম ওয়ানডের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ছিল চিগুম্বুরাদের জন্য সমীহ।

“আমার মতে বিশ্বের সেরা ক্লিন হিটারদের একজন চিগুম্বুরা। শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, চিগুম্বুরা নিজের দিনে করতে পারে যে কোনো কিছুই। ক্রিকেট এমনই খেলা যে এক হাতেই চিত্র বদলে যায়। টপ অর্ডারে চিবাবাও রানে আছে। তবে আমাদের বোলিং আক্রমণ নিয়ে আমি আশাবাদী।”

প্রতিপক্ষের রসদ সমৃদ্ধ বলেই জয়টা সহজ হবে না, ধারণা মাশরাফির।

“ম্যাচের পুরো ৬০০ বলে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। সব বলে মনোযোগ দিতে পারলে, আর শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে; আশা করি, সমস্যা হবে না। তবে সবাই যতটা সহজ ভাবছে, ততটা সহজ হবে না সিরিজ।”