বাংলাওয়াশ নয়, হোয়াইটওয়াশ!
‘বাংলাওয়াশ’ শব্দটি ব্যবহারে নিজের আপত্তির কথা আরেকবার জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়েকে ‘হোয়াইটওয়াশ’ করার অভিযানে প্রথম ম্যাচটিকেই গুরুত্বপূর্ণ বলে মানছেন বাংলাদেশ অধিনায়ক।
গত ২৫ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বাংলাওয়াশ’ নিয়ে নিজের আপত্তির কথা বলেছিলেন মাশরাফি। ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পরও বাংলাদেশের ক্রিকেটপ্রেমী অনেকের হাহাকার ছিল ‘বাংলাওয়াশ’ না হওয়া নিয়ে। বিরক্ত হয়ে মাশরাফি বলেছিলেন, “কথায় কথায় বাংলাওয়াশ-বাংলাওয়াশ করা ঠিক নয়।”
হোয়াইটওয়াশের প্রত্যাশা পূরণে প্রথম ম্যাচটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানছেন বাংলাদেশ অধিনায়ক।
“সবাই এটাই প্রত্যাশা করছে। সব সিরিজ বা টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেনশন বা স্নায়ুর চাপ যত বলুন, প্রথম ম্যাচেই থাকে। প্রথম ম্যাচের পর আস্তে আস্তে কাজ সহজ হয়। এই মুহূর্তে প্রথম ম্যাচটিই গুরুত্বপূর্ণ।”
