কৌতূহল রেখেই দিলেন অধিনায়ক
চলতি বছর প্রায় পুরোটা সময় তিন জন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। তবে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই সফল বাঁহাতি স্পিনাররা। তাই এল্টন চিগুম্বুরাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বোলিং আক্রমণে কাদের প্রাধান্য থাকবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে রহস্য রেখে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ভারতের বিপক্ষে চলতি বছর ওয়ানডেতে চার জন পেসারও খেলিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি তিন জন পেসার নিয়ে নিজের স্বাচ্ছন্দ্যের কথা আগেও কয়েকবার জানিয়েছেন।
চোটের কারণে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ এবার দলে নেই। তবে মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি থাকায় তিন পেসার নিয়ে খেলতেই পারে স্বাগতিকরা।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি স্পিনারদের। দলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে আছেন আরাফাত সানি। স্পিনে তাদের সঙ্গী হতে পারেন লেগ স্পিনার জুবায়ের হোসেন এবং দুই অফ স্পিন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন, একাদশ সাজানোর ক্ষেত্রে উইকেটেরও একটি ভূমিকা থাকবে।
“প্রতিপক্ষের দুর্বলতা আর নিজেদের শক্তির দিক- একাদশ সাজানোর ক্ষেত্রে দুটি ব্যাপারই গুরুত্বপূর্ণ। আমি দুটির সমন্বয়ে দল সাজাতে পছন্দ করি।”
এর আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন রুবেল ও তাসকিনের অনুপস্থিতিতে পেস বোলিং নিয়ে একটু চিন্তিত তিনি। তেমন কোনো কথা না বলেও এবার স্পিনের ওপর বেশি নির্ভর করার ইঙ্গিত মিলেছে মাশরাফির কথায়।
“আমি এই মুহূর্তে মনে করি, তাদের (জিম্বাবুয়ের) দুর্বলতা বেশি গুরুত্বপূর্ণ হবে। উইকেট আরেকটা ব্যাপার হবে তার সাথে।”
প্রস্তুতি ম্যাচে একজন অফ স্পিনারের অভাব খুব অনুভব করেছিলেন মাশরাফি। আর কোনো অফ স্পিনার না থাকায় ইমরুল কায়েসকে দিয়ে একটি ওভার করিয়েছিলেন তিনি। মাহমুদউল্লাহ ও নাসির থাকায় প্রথম ওয়ানডেতে পরিপূর্ণ একটি স্পিন আক্রমণই পাবেন বাংলাদেশ অধিনায়ক।
“নিজেদের শক্তির জায়গা বাদ দিয়ে আমরা অবশ্যই খেলতে চাই না। সেটা করবও না। কিন্তু একই সঙ্গে তারা কোন ধরনের বোলার বা বোলিংয়ে দুর্বল সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।”
