‘বিশ্বমানের’ মুস্তাফিজকে পড়তে পারেনি প্রোটিয়ারা
অনেক আলোচনা, অনেক পরিকল্পনা করার পরও মুস্তাফিজুর রহমানের বল বুঝতে বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের। অতিথিদের দিনের সেরা ব্যাটসম্যান টেম্বা বাভুমার ঘোষণা, মুস্তাফিজ বিশ্বমানের পেসার।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে আলোচিত অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ বোলিং করেন মুস্তাফিজ। টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে ছিল মুস্তাফিজকে সামলানো। লাভ তাতে খুব বেশি হয়নি, মুস্তাফিজ ঠিকই নিয়েছেন ৪ উইকেট।
মুস্তাফিজের বোলিংয়ে এলোমেলো দক্ষিণ আফ্রিকার হয়ে স্রোতের বিপরীতে একটু হাল ধরেছেন বাভুমা। এক প্রান্ত আগলে রেখে করেছেন ইনিংসের একমাত্র ফিফটি। দিনশেষে সংবাদ সম্মেলনে এই ব্যাটসম্যান জানালেন, ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে ভাবনার কথা।
“মুস্তাফিজের ভিডিও অত বেশি দেখিনি। আমি ভিডিওপ্রিয় নই। তবে ওয়ানডে দলে থাকা ছেলেদের সঙ্গে কথা বলেছি। হ্যাশের (হাশিম আমলা) সঙ্গে কথা বলেছি ওর বোলিং নিয়ে, বুঝতে চেয়েছি। বিশেষ করে ওর দ্রুতগতির কাটারগুলো নিয়ে। চেষ্টা করেছি কৌশল বের করে কাজে লাগাতে।”
নিজের সেই লড়াইয়ের কথা স্বীকারও করলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান, “মুস্তাফিজকে পড়তে কিছুটা সময় লেগেছে; আসলে বেশ সময় লেগেছে। বল ব্যাটে আসছিলও না ভালো করে। অপেক্ষা করতে হয়েছে তাই।”
নিজের অভিজ্ঞতা থেকেই অতিথি দলের এই ব্যাটসম্যানের ঘোষণা, “বাংলাদেশের বোলারদের স্কিল আজ সত্যিই ছিল দারুণ। আর ওই বাঁ-হাতি পেসার (মুস্তাফিজ) তো বিশ্বমানের।”
