২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলার উইকেটে রোমাঞ্চিত মুস্তাফিজ

টেস্ট অভিষেকে প্রথম দিনেই ৪ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে হাশিম আমলার উইকেটটাই বেশি তৃপ্তি দিয়েছে বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 07:41 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও মুস্তাফিজের অভিষেকটা হয়েছে দারুণ। প্রোটিয়া অধিনায়ক ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান আমলার উইকেট নিয়ে খুলেছেন টেস্ট শিকারের খাতা। পরের বলেই ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে ফিরিয়েছেন অভিজ্ঞ জেপি দুমিনিকে। এক বল পর উড়িয়েছেন কুইন্টন ডি ককের স্টাম্প। পরে দক্ষিণ আফ্রিকার একমাত্র অর্ধশত করা ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে ফিরিয়ে ইতি টেনেছেন অতিথিদের প্রথম ইনিংসের।

চার উইকেটের মধ্যে আমলাকে ফেরানো ডেলিভারিটিই ছিল তুলনামূলকভাবে কম বিপজ্জনক। বেরিয়ে যাওয়া বলে খোঁচা দেন অতিথি দলের অধিনায়ক। দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ বললেন, আমলার উইকেটটিই তার মন রাঙিয়েছে সবচেয়ে বেশি।

“হাশিম আমলার উইকেট বেশি আনন্দ দিয়েছে। তার মতো ব্যাটসম্যানকে আউট করে প্রথম উইকেট পেয়ে অনেক রোমাঞ্চিত আমি।”