ইচ্ছে করেই কাটার কম দিয়েছেন মুস্তাফিজ
টেস্ট অভিষেকে প্রথম দিনটায় অফ কাটার অনেক কম করেছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথম দিনের সেরা এই বোলার জানালেন, টেস্ট ক্রিকেট বলে ইচ্ছে করেই এটা করেছেন তিনি।
আন্তর্জাতিক আঙিনায় মাত্র ক’দিনের পথচলাতেই অফ কাটারকে নিজের ‘ট্রেডমার্ক’ ডেলিভারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুস্তাফিজ। ভারত-দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মাথাব্যথার কারণ হয়েছে এই কাটার।
তবে টেস্ট ক্রিকেটে প্রথম দিনটায় নিজের এই মারণাস্ত্রের প্রয়োগ খুব বেশি করেননি মুস্তাফিজ। তার ৪ উইকেটের একটিও আসেনি অফ কাটারে; বরং তিনটি উইকেটই ছিল সহজাত অ্যাঙ্গেলে একটু দেরিতে সুইং করা বলে।
দিনশেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ জানালেন, অফ কাটার কম করা ছিল তার পরিকল্পনারই অংশ।
“ওয়ানডেতে অফ কাটার হয়ত ওভারে ২-৩ টি দেওয়ার চেষ্টা করি। এখানে ২-৩ ওভার পরপর একটা চেষ্টা করেছি। টেস্টে ব্যাটসম্যানদের রানের তাড়া কম থাকে। শট বেশি খেলে না। এজন্যই কাটার বেশি করার চেষ্টা করিনি।”
বৈচিত্র্যের চেয়ে সহজাত বোলিংয়েই প্রথম দিনে বেশি মন ছিল মুস্তাফিজের। তাই অফ কাটার করেছেন মাঝে মধ্যে। আর একবার অ্যাঙ্গেল বদলে বোলিং করেছেন রাউন্ড দ্য উইকেটে। সেটার কারণও ব্যখ্যা করলেন মুস্তাফিজ।
“বাতাসটা কাজে লাগানোর জন্য রাউন্ড দ্য উইকেট বোলিং করেছি। ওপাশ থেকে সুইং পাচ্ছিলাম না।”
তিনি অবশ্য চারটি উইকেটই পেয়েছেন ওভার দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে।
