অনন্য শতক হলো না ডি ভিলিয়ার্সের
অসাধারণ এক অর্জনের হাতছানি ছিল এবি ডি ভিলিয়ার্সের সামনে। চট্টগ্রাম টেস্টের টস হওয়ার সঙ্গেই মিলিয়ে গেল সেই হাতছানি!
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের আঙুলের টোকায় হাওয়ায় ভেসে ওই ধাতব মুদ্রা যখন গোত্তা খেলো চট্টলার ২২ গজে, এবি ডি ভিলিয়ার্সের অনন্য এক অভিযাত্রাও গেলো থমকে। অভিষেক থেকে টানা টেস্ট খেলার শতকের খুব কাছাকাছি গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। এই বাংলাদেশ সফরের দুটি টেস্ট খেললেই হয়ে যেতো সেই শতক।
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে ব্যাট হাতে শতকের স্বাদ পেয়েছেন ৭২২ জন ক্রিকেটার। তবে এই একটা জায়গায় শতক পাননি এখনও কেউ। অভিষেক থেকে দেশের হয়ে টানা টেস্ট ম্যাচ খেলার শতক নেই কারও! অনন্য সেই অর্জনের মাত্র দুই ধাপ দূরত্বে ছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু এই অর্জনের গৌরবকে স্বেচ্ছ্বায় দূরে ঠেলেছেন তিনি। প্রথম সন্তানের মুখ দেখার রোমাঞ্চের সঙ্গে তুলনীয় নয় যে আর কিছুই!
২০০৪ সালের ১৭ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে টেস্ট ক্যাপ পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। সেই থেকে অনেকবার বাঁক বদলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের, এসেছে অনেক পরিবর্তন। কিন্তু একটা ব্যাপার ছিল নিশ্চিত, টেস্ট একাদশে ডি ভিলিয়ার্সের নাম। ওই পোর্ট এলিজাবেথ টেস্ট থেকে এই চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত খেলেছেন দক্ষিণ আফ্রিকার সব টেস্ট। এত কাছে গিয়েও যে শতক হচ্ছে না, সেটি নিশ্চিত হয়েছিল বাংলাদেশ সফরের টেস্ট দলে ডি ভিলিয়ার্স না থাকার পরই। মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের টস আনুষ্ঠানিক ভাবেই থামিয়ে দিল ডি ভিলিয়ার্সের অনন্য অভিযান।
শতক না হলেও অভিষেক থেকে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি আপাতত ডি ভিলিয়ার্সেরই। গত ডিসেম্বরে যে রেকর্ডে তিনি ছাড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্টকে। অভিষেক থেকে টানা ৯৬ টেস্ট খেলার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তির। একটা জায়গায় অবশ্য গিলক্রিস্ট এখনও অনন্য। তার ক্যারিয়ারই ওই ৯৬ টেস্টের। পুরো ক্যারিয়ারই টানা খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গিলিরই।
ডি ভিলিয়ার্সের অভিযাত্রা থমকে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়ে যাচ্ছে তার রেকর্ডও। তার ঘাড়ে নি:শ্বাস ফেলছেন এমন একজন, ক্রিকেটের ধরন-দর্শনে যিনি তার মতোই। ব্রেন্ডন ম্যাককালাম! ২০০৪ সালের মার্চে অভিষেক, সেই থেকে এখন পর্যন্ত টানা ৯৪ টেস্ট খেলে ফেলেছেন ম্যাককালাম। অনন্য এই শতক অর্জনকারীকে তাই হয়ত শিগগিরই পেতে পারে ক্রিকেট।
অভিষেক থেকে টানা টেস্ট খেলার শতক কেউ করতে না পারলেও ক্যারিয়ারের এক পর্যায়ে টানা টেস্ট খেলার শতক করেছেন চারজন ক্রিকেটার। সবচেয়ে বেশি টানা টেস্ট খেলার রেকর্ডটি জানলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। টানা ১৫৩ টেস্ট!
টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ড আরেক ‘এবি’, অ্যালান বোর্ডারের। ক্যারিয়ারের ১৫৬ টেস্টের ১৫৩টিই বোর্ডার খেলেছেন টানা। ১৯৭৮-৭৯ অ্যাশেজে বোর্ডারের অভিষেক। ওই সিরিজে ৩টি টেস্ট খেলছেন, বাদ পড়েছিলেন শেষ টেস্টে। এরপর ১৯৭৯ সালের ১০ মার্চ থেকে ১৯৯৪ সালের ২৫ মার্চ, ক্যারিয়ারের চতুর্থ টেস্ট থেকে ক্যারিয়ারের শেষ টেস্ট পর্যন্ত খেলেছেন দেশের সব টেস্ট!
বোর্ডারের এই রেকর্ড এক সময় মনে হচ্ছিল স্যার ডন ব্র্যাডম্যানের গড়ের মতোই প্রায় অবিনশ্বর রেকর্ড। কিন্তু সেটি ছাড়িয়ে যাওয়াও এখন খুব অসম্ভব মনে হচ্ছে না আরেকজনের কাছে। অ্যালিস্টার কুক এর মধ্যেই খেলে ফেলেছেন ১১৪ টেস্ট! কোনো চোট তাঁকে থামাতে পারেনি, নেননি বিশ্রাম। ২০০৬ সালের ১১ মে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্ট থেকে এবারের অ্যাশজের সদ্য সমাপ্ত লর্ডস টেস্ট পর্যন্ত খেলে ফেলেছেন টানা ১১৪ টেস্ট। এই অ্যাশেজেই হয়ত হয়ে যাবে টানা ১১৭ টেস্ট। ফর্ম আর ফিটনেস ঠিক থাকলে হয়ত একদিন ছাড়িয়ে যাবেন বোর্ডারকেও!
এক দলের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট
ক্রিকেটার | টানা টেস্ট | শুরু | শেষ |
অ্যালান বোর্ডার | ১৫৩ | ১০ মার্চ, ১৯৭৯ | ২৫ মার্চ, ১৯৯৪ |
অ্যালিস্টার কুক | ১১৪* | ১১ মে, ২০০৬ | ১৬ জুলাই, ২০১৫ |
মার্ক ওয়াহ | ১০৭ | ৩ জুন, ১৯৯৩ | ১৯ অক্টোবর, ২০০২ |
সুনীল গাভাস্কার | ১০৬ | ২৩ জানুয়ারি, ১৯৭৫ | ৩ ফেব্রুয়ারি, ১৯৮৭ |
এবি ডি ভিলিয়ার্স | ৯৮ | ১৭ ডিসেম্বর, ২০০৪ | ২ জানুয়ারি, ২০১৫ |
অ্যাডাম গিলক্রিস্ট | ৯৬ | ৫ নভেম্বর ১৯৯৯ | ২৪ জানুয়ারি ২০০৮ |
ব্রেন্ডন ম্যাককালাম | ৯৪* | ১০ মার্চ, ২০০৪ | ২৯ মে ২০১৫ |
রাহুল দ্রাবিড় | ৯৩ | ২০ জানুয়ারি ১৯৯৬ | ১০ ডিসেম্বর, ২০০৫ |
মাহেলা জয়াবর্ধনে | ৯৩ | ৮ নভেম্বর, ২০০২ | ৩ জানুয়ারি, ২০১৩ |
গুন্ডাপ্পা বিশ্বনাথ | ৮৭ | ১৯ মার্চ, ১৯৭১ | ৩০ জানুয়ারি, ১৯৮৩ |
*এখনও চলছে
