‘উইকেট বদলায়নি’
চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনে ব্যাটসম্যানদের দাপটের পর শেষ সেশনে বোলারদের তাণ্ডব। তাই প্রশ্ন উঠেছে সময় গড়ানোর সঙ্গে উইকেটও পাল্টেছে কিনা। এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে পেসার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, উইকেট বদলায়নি।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশন শেষে ২৮ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৪ রান। এই সময়ে বোলারদের কোনো চেষ্টাই কাজে লাগছিল না। মুস্তাফিজ জানান, এই সময়ে ভালো বোলিংই করতে পারছিলেন না তারা।
“উইকেট বদলায়নি। প্রথম ২৮ ওভারে সবাই একটু এলোমেলো ছিল। কেউ সেভাবে বোলিং করতে পারেনি।”
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই সময়ে আঁটসাঁট বোলিং করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেধে রাখে তারা। এই সেশনে ২৯ ওভার ব্যাট করে ৬১ রান যোগ করতে দুই থিতু ব্যাটসম্যান ডিন এলগার ও ফাফ দু প্লেসিকে হারায় দক্ষিণ আফ্রিকা।
এলগারের উইকেট নেওয়ার আগে সেই সেশনে ১০টি মেডেন ওভার নেন স্বাগতিক বোলাররা। সেটাই কাজে লাগে; চাপে উইকেট দিয়ে আসেন ৭৮ রানের জুটি গড়া দুই ব্যাটসম্যান।
“লাঞ্চের পর আমরা চাপ দিয়েছি। অনেক রান কম দিয়েছি। এটাই কাজে লেগেছে”, যোগ করেন মুস্তাফিজ।
তৃতীয় সেশনে একই পরিকল্পনা ছিল বাংলাদেশের। সেই পরিকল্পনাও সফল হয়, ৮১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় অতিথিরা।
মুস্তাফিজ জানান, উইকেট নিতে তারা আঁটসাঁট বোলিং করে যেতে চেয়েছিলেন।
“আমাদের পরিকল্পনা ছিল যত সম্ভব ‘ডট বল’ করা। জানতাম, তাহলেই উইকেট আসবে।”
প্রথম দিনেই ২৪৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান।
