২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অভিষেকটাই এগিয়ে রাখছেন মুস্তাফিজ

ওয়ানডে অভিষেকেও আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে সাদা পোশাকে অভিষেকের পারফরম্যান্সটাই বেশি রঙ ছড়িয়েছে তার মনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 07:30 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

পুরনো খবর:

বোলারদের দাপটে বাংলাদেশের দিন
এই নিয়ে তৃতীয়বার পারল বাংলাদেশ
টেস্ট অভিষেকেও দুর্দান্ত মুস্তাফিজ
মুস্তাফিজের টেস্ট অভিষেক
অনন্য শতক হলো না ডি ভিলিয়ার্সের

গত মাসে ওয়ানডে অভিষেকেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচেই ছাড়িয়ে গিয়েছিলেন নিজেকে; নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ২ ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েছিলেন বিশ্বরেকর্ড। টেস্ট অভিষেকে উইকেট সেই তুলনায় কম। ৪ উইকেট বড় কোনো মাইলফলক নয়; নয় অভিষেকে বাংলাদেশের সেরা বোলিংও; তারপরও দারুণ তৃপ্ত এই তরুণ পেসার।

টেস্ট অভিষেকের পারফরম্যান্সই ‘সেরা’ জানিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওয়ানডে খেলা একরকম, টেস্ট আরেক রকম। তবে এগিয়ে রাখার কথা বললে টেস্টের পারফরম্যান্সটার কথাই বলব।”

কেন টেস্টের পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন, নিজের মতো করে সেই ব্যাখ্যাও দিলেন তরুণ এই বাঁহাতি পেসার।

“টেস্ট ক্রিকেট ওয়ানডের চেয়ে অনেক কঠিন খেলা। অনেক বেশি কষ্ট করতে হয়। ওয়ানডেতে জায়গায় বল রাখলেই হয়। ব্যাটসম্যানরা সবসময় রান করতে চায়, মারতে গিয়ে উইকেট দেয়। টেস্টে সহজে উইকেট পাওয়া যায় না। ভালো বলও ব্যাটসম্যানরা ছেড়ে দেয়। টেস্টে কষ্ট করে উইকেট নিতে হয়।”

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন অভিষিক্ত মুস্তাফিজ। টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে দিতে রেখেছেন দারুণ অবদান।