কোচের পরামর্শে বিরতির পর মুস্তাফিজের বদলে যাওয়া
প্রথম সেশনে নিজের ছায়া হয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান। লাইন-লেংথ ঠিক রাখতে বেগ পেতে হচ্ছিল বাঁহাতি এই পেসারকে। দ্বিতীয় সেশনে স্বরূপে ফেরেন এই তরুণ। তবে তার সেরাটা আসে তৃতীয় সেশনের শুরুতে। টেস্ট অভিষেকেই আলো ছড়ানো এই পেসার জানিয়েছেন, বিরতির সময় কোচের সঙ্গে আলোচনা সহায়ক হয়েছে তার জন্য।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজ। টেস্টে নিজের প্রথম স্পেলে ভালো করতে পারেননি ১৯ বছর বয়সী এই পেসার। তবে দ্বিতীয় সেশনে সতীর্থদের মতো আঁটসাঁট বোলিং করেন তিনিও।
উইকেটের জন্য তৃতীয় সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয় মুস্তাফিজকে। এক ওভারেই হাশিম আমলা, ফাফ দু প্লেসি ও জেপি দুমিনিকে ফিরিয়ে দেন তিনি। পরে অতিথিদের সর্বোচ্চ রান সংগ্রাহক টেমবা বাভুমাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে দেন মুস্তাফিজ।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে অল আউট করায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুস্তাফিজ। ৩৭ রানে চার উইকেট নেওয়া এই পেসার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে।
“প্রথম স্পেলে বোলিং ভালো হচ্ছিল না। তবে আমি চেষ্টা করে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম, যেন অন্য প্রান্তের বোলারের সঙ্গে জুটি গড়ে তুলতে পারি। ভালো বোলিং না হলেও অন্তত যেন ডট বল করতে পারি। জানতাম দুই দিক থেকে চাপ দিলে উইকেট আসতে পারে।”
প্রথম স্পেলে ৫ ওভারে ২০ রান দেন মুস্তাফিজ। এই পেসার ওয়ানডে অভিষেকেও নিজের প্রথম স্পেলে ভালো করেননি। ভারতের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ৪ ওভারে ২৭ রান দিয়েছিলেন; পরে ফিরে প্রায় একাই গুঁড়িয়ে দেন অতিথিদের। এবার শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার হারানো সাত উইকেটের চারটিই তুলে নেন তিনি।
মুস্তাফিজকে ভুল ধরিয়ে দিতে বিরতির সময় তার সঙ্গে কথা বলেন পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। সেই কথাই কাজে আসে মুস্তাফিজের।
“কোচ ডেকে নিয়ে কথা বলেছিল। আমি আইস বাথে ছিলাম। খাওয়ার পর ডেকে নিয়ে কোচ বলল, বোলিংটা দেখ।”
