১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দল থেকে বাদ পড়েই সুলতানার ৫ উইকেট

লিগের শেষ দিনে চমৎকার বোলিংয়ে ৫ উইকেট নিলেন অফ স্পিনার সুলতানা খাতুন, ১০৪ রানের পুঁজি নিয়েও রোমাঞ্চকর জয় পেল দল।

জাতীয় দল থেকে বাদ পড়েই সুলতানার ৫ উইকেট
৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা সুলতানা খাতুন। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পরদিনই সুলতানা খাতুনের বুঝি মনে হলো, একটু নিজের সামর্থ্য দেখানো যাক! অফ স্পিন বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে ৫ উইকেট শিকার করলেন তিনি। মাত্র ১০৪ রানের পুঁজি নিয়েও রোমাঞ্চকর এক জয় পেল তার দল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগের শেষ দিনে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৩ রানে হারায় খেলাঘর। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্ষ মাঠে ১০৫ রানের লক্ষ্যে ৪৭.২ ওভার খেলেও ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ পুলিশ।

একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবকটি হেরে প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ পুলিশ। এবার অংশ না নেওয়ায় লিগ শুরুর আগেই অবনমিত হয়ে যায় রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি খেলাঘর। অতিরিক্ত থেকে আসা ১৮ রানের সৌজন্যে একশ পার করে তারা। দলের সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার হুমায়রা আফিয়া আনাম প্রত্যাশা।

পুলিশের পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন নিদা রশিদ। প্রীতি দাস, লামিয়া মৃধা ও অপর্ণা দের শিকার ২টি করে উইকেট।

রান তাড়ায় শুরুতেই ছোবল দেন সুলতানা। মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পুলিশ। 

পাঁচ নম্বরে নামা অপর্ণা একার লড়াইয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন। নবম উইকেটে পুজা চৌহানের সঙ্গে তিনি গড়েন ৩৩ রানের জুটি। 

শেষ পর্যন্ত ৩৭ রানে অপরাজিত থেকে দলকে হারতে দেখেন অপর্ণা।

১০ ওভার ৫ মেডেনসহ মাত্র ২৫ রানে ৫ উইকেট নেন সুলতানা। 

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে না পারায় বুধবার ঘোষিত বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েন তিনি। ঢাকা লিগে অবশ্য খারাপ করেননি। লিগের ৮ ম্যাচে তার শিকার ১৬ উইকেট। 

দিনের আরেক ম্যাচে ইউল্যাব ক্রিকেট মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১ উইকেটে হারায় কলাবাগান ক্রীড়া চক্র। ২০৫ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। 

আনসার ও ভিডিপির পক্ষে ৭১ রানের ইনিংস খেলেন আয়েশা আক্তার। ৯৫ বলে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে অতিরিক্ত থেকে।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন ফারজানা আক্তার ও বিথি পারভিন। ৪১ রান করে আউট হন ফারজানা। বিথির ব্যাট থেকে আসে ৩৪ রান।

ছয় নম্বরে নেমে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৪৭ রান করেন তমালিকা সুমনা। এর আগে বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই।