১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ

আইপিএলে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ পেসার।

মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ
লাসিথ মালিঙ্গা (বাঁয়ে) ও জাসপ্রিত বুমরাহ। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

ম্যাচের তৃতীয় ওভারে আক্রমণে এসে এইডেন মার্করামকে ফিরিয়ে দারুণ এক কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন ভারতীয় তারকা পেসার। 

ওয়াংখেড়েতে রোববার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। আইপিএলে এনিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ শিকার ধরলেন তিনি।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই সাবেক লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে ছাড়িয়ে যান তিনি। 

২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস।

২০১৩ সালে আইপিএলে অভিষেক থেকে বুমরাহও শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন। মাঝে ২০২৩ সালের আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। একই কারণে খেলতে পারেননি চলতি আসরে শুরুর দিকেও। 

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ।

সব মিলিয়ে, আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার অবস্থান সপ্তম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট ৩০৪টি।

বুমরাহর পাশাপাশি লাক্ষ্ণৌয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন ট্রেন্ট বোল্টও। ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন নিউ জিল্যান্ডের পেসার। তাতে ২১৫ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৬১ রানে আটকে দিয়ে ৫৪ রানের জয় তুলে নেয় মুম্বাই।