১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘উইন্ডিজ ক্রিকেটের জন্য আজ বড় একটি দিন,’ চোখে জল নিয়ে বললেন লারা

ওয়েস্ট ইন্ডিজের অকল্পনীয় এই জয়ের স্তুতি বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের কণ্ঠেও।

‘উইন্ডিজ ক্রিকেটের জন্য আজ বড় একটি দিন,’ চোখে জল নিয়ে বললেন লারা

সাবেক সতীর্থ কার্ল হুপারকে (ডানে) জড়িয়ে ধরে আছেন ব্রায়ান লারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 05:08 PM

Updated : 28 Jan 2024, 05:35 PM

অস্ট্রেলিয়ার মাটিতে এই সফরের আগে সবশেষ ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসমান সাগর পাড়ের দেশটিতে ১৮ ম্যাচ খেলেও তারা পায়নি জয়ের স্বাদ। অবশেষে এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ব্রিজবেনে অবিশ্বাস্য এক জয় পেল ক্যারিবিয়ানরা। মাঠে বসেই উত্তরসূরিদের সেই অকল্পনীয় জয় দেখলেন ২৭ বছর আগের জয়ী দলে থাকা ব্রায়ান লারা ও কার্ল হুপার। আবেগ যেন ধরে রাখতে পারলেন না তারা। আনন্দে অশ্রু ঝরল তাদের চোখ দিয়ে।

গ্যাবায় দিবা-রাত্রির টেস্টের চতুর্থ দিনে রোববার অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। গোলাপী বলের টেস্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাতে পারল কোনো দল।

ম্যাচটির প্রথম দিন থেকেই ছড়ায় রোমাঞ্চ-উত্তেজনা। যা একেবারে চূড়ায় পৌঁছে যায় চতুর্থ দিনে। ২১৬ রানের লক্ষ্যে ১৫৬ রানের প্রয়োজনে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৮ উইকেট। শেষ পর্যন্ত স্বাগতিকদের ২০৭ রানে গুটিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় সফরকারীরা।

উত্তেজনায় ঠাসা ম্যাচে ধারাভাষ্যকক্ষেই ছিলেন লারা ও হুপার। ক্যারিবিয়ান অলরাউন্ডার হুপার তো কোনো কথাই বলতে পারেননি। শুরুতে ধারাভাষ্যে ক্যারিবিয়ানদের অভাবনীয় জয়ের কথা বলছিলেন ইয়ান স্মিথ। আবেগের বন্যায় ভেসে যাওয়া ব্যাটিং গ্রেট লারা তখন জড়িয়ে ধরেছিলেন অ্যাডাম গিলক্রিস্টকে।

নিজেকে একটু সামলে নিয়ে ধরে আসা গলা নিয়েই তরুণ দলটিকে স্তুতিতে ভাসান লারা।

“এটা অবিশ্বাস্য। ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো। তরুণ, অনভিজ্ঞ, যাদের বাতিল করে দেওয়া হয়েছিল- তারাই আজ মাথা উঁচু করে দাঁড়াল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটও আজ শির উঁচু করে দাঁড়াতে পারল।”

২০০৩ সালে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটির অধিনায়ক ছিলেন লারা। সব মিলিয়ে ২১ বছরের অপেক্ষার অবসানের পর আনন্দে ভাসছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।

“ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আজ বড় একটি দিন। অভিনন্দন, অভিনন্দন দলের প্রত্যেক সদস্যকে। কী চমৎকার উপলক্ষ।”

১৯৯৭ সালে পার্থে জেতা ম্যাচের প্রথম ইনিংসে ১৩২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। হুপারের ভূমিকাও কম ছিল না, প্রথম ইনিংসে ৫৭ রান করেছিলেন তিনি। আবার পরে একটি উইকেটও নিয়েছিলেন।

ওই দলেরই আরেকজন ইয়ান বিশপ সাক্ষী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভাবনীয় জয়ের। ক্যারিবিয়ান সাবেক এই পেসারের দেখা সেরা টেস্টগুলোর একটি ছিল ব্রিজবেনের এই দিন-রাতের ম্যাচটি।

“আমার দেখার সৌভাগ্য হয়েছে এমন সেরা টেস্ট ম্যাচের মধ্যে এটা একটি।”

ওয়েস্ট ইন্ডিজের এই জয় ছুঁয়ে গেছে মুশফিকুর রহিমকে। আপাতত বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করা বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান অভিনন্দন জানিয়েছেন ক্যারিবিয়ানদের।

“এই কারণেই টেস্ট ক্রিকেটকে আপনি ভালোবাসেন, এই কারণেই আপনি টেস্ট ক্রিকেট খেলেন…ওয়েস্ট ইন্ডিজ তোমরা দুর্দান্ত…অভিনন্দন।”