২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ এড়াতে চান সাকিব, রংপুরের অধিনায়ক সোহান

চোখের উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়া সাকিব আল হাসানকে প্রথম ম্যাচ থেকেই পাবে রংপুর রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 08:04 PM

Updated : 16 Jan 2024, 11:00 PM

অধিনায়ক হিসেবে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির চাওয়া ছিল সাকিব আল হাসান। তবে নেতৃত্বের চাপ নিতে চাইছেন না অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার। তাই এবারের বিপিএলেও নুরুল হাসান সোহানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।

“প্রাথমিকভাবে তো আমরা (অধিনায়ক হিসেবে) সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। তবে সাকিবই আমাদের বলেছে, ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। তাই আমরা নুরুল হাসান সোহানকে এবার অধিনায়ক হিসেবে ঘোষণা করেছি।”

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চাপের কারণে চোখের সমস্যায় ভুগেছেন সাকিব। যা প্রভাব ফেলেছিল তার ব্যাটিংয়েও। ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা গেছে বিশ্বকাপ চলার সময়। সেটি মূলত চোখের সমস্যার কারণেই।

সমাধানের খোঁজে ভারতে বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ে চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। সে সময় চোখের ড্রপ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেটি কাজে লাগেনি খুব একটা। চিকিৎসকরা বলেছিলেন, তার চোখের এই সমস্যা হচ্ছে ‘স্ট্রেস’ থেকে, চাপ কমে গেলে সমস্যাও কমে যাবে।

পরে যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসক দেখান তিনি, সে সময় কোনো সমস্যা ধরা পড়েনি। 

এরপর দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রচারে রাত-দিন ব্যস্ত সময় কাটে সাকিবের। চাপও ছিল প্রচণ্ড। নির্বাচন শেষে অনুশীলনে ফেরার পর আবার চোখের সমস্যাও ফিরে আসে। সম্ভাব্য সমাধান হিসেবে রংপুরের অনুশীলনে রোববার চশমা পরে ব্যাটিং করেন সাকিব।

এতেও কোনো উপকার পাননি তিনি। আদতেই ‘স্ট্রেস’ থেকে সমস্যা হচ্ছে নাকি চোখেরই কোনো রোগ আছে তা বোঝার জন্য এবার বিপিএল শুরুর আগে তিনি গিয়েছেন লন্ডনে।

বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহী জানান, লন্ডন থেকে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

“বাংলাদেশে যে আপডেট ছিল, তার চোখে ফ্লুইড জমেছিল... লন্ডনেও এনজিওগ্রাম করানো হয়েছে, একই রিপোর্ট পাওয়া গেছে। আজকে দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি, বড় কোনো পরির্বতন হবে না।”

“তার এখন বিশ্রাম, চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তবে ১৮ তারিখের মধ্যেই সে দেশে চলে আসবে। ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রথম ম্যাচে অবশ্যই তাকে পাচ্ছি আমরা।”

বিপিএলের গত আসরেও রংপুরের অধিনায়কত্ব করেছেন সোহান। তার নেতৃত্বে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল রংপুর। এবার সাকিবকে দলে ভিড়িয়ে শক্তি আরও বাড়িয়েছে দলটি। পাশাপাশি তাদের জার্সিতে দেখা যাবে বাবর আজম, নিকোলাস পুরানের মতো বিশ্ব তারকাদেরও।

এই দুই ক্রিকেটারকে কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটিও জানালেন ইশতিয়াক সাদেক।

“বাবর আজমকে আমরা দ্বিতীয় ম্যাচ থেকে পাব। এরপর ১০ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলে পিএসএলের জন্য চলে যাবে। আর নিকোলাস পুরানকে আমরা ১০ ফেব্রুয়ারির পর যেকোনো দিন থেকে পাব। আইএল টি২০তে ওর দলের খেলা শেষ হলেই চলে আসবে।”

টুর্নামেন্টের দ্বিতীয় দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল যাত্রা শুরু করবে রংপুর।