১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের অ্যাশেজ দলে লেগ স্পিনার রেহান

অলরাউন্ডার মইন আলির কাভার হিসেবে এই তরুণকে দলে যোগ করেছে ইংলিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 07:52 PM

Updated : 23 Jun 2023, 07:52 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলের স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে অ্যাশেজ সিরিজের স্কোয়াডে যোগ করেছে তারা।

মূলত অলরাউন্ডার মইন আলির কাভার হিসেবে রেহানকে ডেকেছে ইংল্যান্ড। ইসিবি শুক্রবার এক বিবৃতিতে এই তরুণের অন্তর্ভুক্তির কথা জানায়।

ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন রেহান। গত ডিসেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি।

সাদা পোশাকে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়ান রেহান। গড়েন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকারের কীর্তি। ওই ম্যাচে মোট ৭ উইকেট নেন এই স্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলা রেহানের উইকেট ২২টি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তিনি দুইবার। ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য আছে তার। এই সংস্করণে ২০ ইনিংসে ব্যাটিং করে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে নামের পাশে রান ৬২৯।

লন্ডনে রোববার ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন রেহান। আগামী ২৮ জুন লর্ডসে শুরু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের নিয়মিত স্পিনার জ্যাক লিচ চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলে মইনের শরণাপন্ন হয় দলটি। অবসর ভেঙে ২১ মাস পর টেস্ট খেলতে নেমে এজবাস্টনে খুব আহামরি কিছু করতে পারেননি অফ স্পিনিং অলরাউন্ডার মইন। রোমাঞ্চ, উত্তেজনায় ঠাসা ২ উইকেটে হারা ম্যাচে ২০৪ রান দিয়ে ৩ শিকার ধরেন তিনি।

বোলিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট লাগে মইনের। এক পর্যায়ে আঙুল শুকানোর জন্য স্প্রে ব্যবহার করেন তিনি। এতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হয় তাকে।

তবে মইনকে নিয়ে আশা ছাড়ছে না ইংল্যান্ড। দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন, সিরিজের বাকি সময়ে তাকে পেতে সব ধরনের চেষ্টা করবে ইংল্যান্ড।