৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

'২০০' ছুঁয়ে রাশিদ খানের অনন্য কীর্তি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অনেকটা এগিয়ে থেকেই শীর্ষে আফগান তারকা।

'২০০' ছুঁয়ে রাশিদ খানের অনন্য কীর্তি

রাশিদ খান। ছবি: এসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 12:02 AM

Updated : 30 Oct 2026, 12:02 AM

আগে থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি রাশিদ খান এবার অনন্য এক কীর্তি গড়লেন। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান তারকা।

শারজাহতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাডিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে কীর্তিটি গড়েন রাশিদ।

১৯৯ উইকেট নিয়ে এদিন খেলতে নামা ২৮ বছর বয়সি লেগ স্পিনার প্রথম বল হাতে পান জিম্বাবুয়ে ইনিংসের সপ্তম ওভারে। ওই ওভারে ৬ রান দিয়ে উইকেট পাননি তিনি।

নবম ওভারের তৃতীয় বলেই অপেক্ষা দূর হয় তার। সোজাসুজি লেংথ বল লেগ সাইডে মারার চেষ্টা করে ব্যাটে লাগাতে পারেননি মারুমানি, সরাসরি আঘাত করে তার পায়ে। আবেদন করার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার।

এরই সঙ্গে ইতিহাসের আরেকটি পাতায় খোদায় হয়ে যায় রাশিদের নাম। ১২০ ম্যাচে ২০০ উইকেট নিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ, ১৭১ উইকেট। আর ১৬১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে হংকংয়ের এহসান খান।

এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট মুস্তাফিজুর রহমানের, ১৩০ ম্যাচে ১৬৩টি।