পাকিস্তানের স্কুল ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্টের চমক
অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতো এই অ্যাডাম গিলক্রিস্টও বাঁহাতি কিপার-ব্যাটার।
নামটাই নজর কাড়ার জন্য যথেষ্ট। কারও নাম যখন অ্যাডাম গিলক্রিস্ট, তাকে ঘিরে বাড়তি কৌতূহল তো থাকতেও। এই গিলক্রিস্টকে নিয়ে আরও বাড়তি আগ্রহের কারণ, তিনি পাকিস্তানি! তবে শুধু নামে নয়, আলোচনার জন্ম দিলেন তিনি কাজেও। পাকিস্তানের স্কুল ক্রিকেটে আগ্রাসী সেঞ্চুরি করে আলোড়ন তুলেছেন গিলক্রিস্ট।
হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিপক্ষে কামরান পাবলিক স্কুলের হয়ে ১০৮ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন গিলক্রিস্ট। ৪০ ওভারে ২৯৭ রান তুলে তার দল ম্যাচ জিতে নেয় ১৭২ রানে। নাম আর ব্যাটিং, দুটি মিলিয়েই শিরোনামে উঠে এসেছেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।
কার নামে তার নামকরণ, সেটি অনুমানের জন্য কোনো পুরস্কার নেই! ‘অ্যাডাম’ নামটুকু তার মায়ের দেওয়া। অ্যাডামের সঙ্গে ‘গিলক্রিস্ট’ জুড়ে দিয়েছেন তার ক্রিকেট পাগল বাবা, যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভক্ত।
অস্ট্রেলিয়ান কিংবদন্তির সঙ্গে মিলটা শুধু নামেই নয়। পাকিস্তানের এই গিলক্রিস্টও বাঁহাতি কিপার-ব্যাটার এবং সীমিত ওভারের ক্রিকেটে ইনিংস ওপেন করেন।
তবে নাম অ্যাডাম গিলক্রিস্ট হলেও সেঞ্চুরির পর তিনি জানিয়েছেন, আদর্শ মানেন আরেক বাঁহাতি কিংবদন্তিকে, “আমি কুমার সাঙ্গাকারার মতো হতে চাই। তিনিই আমার প্রিয়।”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ১০০ জেলার ১ হাজার ৪২৪টি স্কুলের প্রায় ২১ হাজার ক্রিকেটার অংশ নিচ্ছে। পিসিবির এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণ ক্রিকেটারদের তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ প্রদান করা। পাকিস্তানের প্রতিশ্রুতিশীল ছেলেদের কাঠামোবদ্ধ ম্যাচ খেলার সুযোগ করে দেয় এই টুর্নামেন্ট এবং সম্ভাবনাময় ক্রিকেটারদের দেশের বয়সভিত্তিক ক্রিকেটের মূল স্রোতে মিশে যাওয়ার একটি বাস্তবসম্মত পথ তৈরি করে দেয়।
