২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনকে দলে নেওয়ার খবর জানালেন তামিম, এখনও অনিশ্চয়তায় মুস্তাফিজ

অনেক অনিশ্চয়তার পর অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন জানা গেল লিটন কুমার দাসের দল পাওয়ার খবর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 04:33 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে দূর হলো অনিশ্চয়তা। আবাহনী লিমিটেড ছেড়ে এবার গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন লিটন কুমার দাস। তবে মুস্তাফিজুর রহমানের দল এখনও চূড়ান্ত হয়নি।

প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা গুলশানে বিনিয়োগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার তিনিই জানিয়েছেন লিটনকে দলে নেওয়ার খবর। 

সোমবার শুরু হতে যাওয়া লিগে তামিম নেতৃত্ব দেবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মিরপুরে একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে তিনি জানান লিটনের দল পাওয়ার খবর।  

“লিটন দাস দল পেয়েছে। সে গুলশানে (গুলশান ক্রিকেট ক্লাব) খেলবে। মুস্তাফিজেরটা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে। কারণ তারা জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগ খেলা উচিত।”

রাজনৈতিক পটপরিবর্তনের পর আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেনের মতো কয়েকজন বাদে দলের বেশিরভাগ ক্রিকেটার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা।

সেই তালিকায় আছেন লিটনও। গত ২২-২৩ ফেব্রুয়ারি লিগের দলবদলের সময় আবাহনী থেকে ছাড়পত্রের আবেদন করে দল বদলানোর টোকেন নিয়েছিলেন লিটন। কিন্তু কোনো দল চূড়ান্ত না হওয়ায় তখন সেই টোকেন জমা দেননি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া ওপেনার। লেজেন্ডস অব রুপগঞ্জের সঙ্গে আলোচনা কিছুটা এগোলেও পরে তা বাদ হয়ে যায় পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায়। 

শেষ মুহূর্তে নতুন দলে নাম লেখালেন তিনি। বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার লিগের উদ্বোধনী দিনে তামিমদেরই মুখোমুখি হবেন লিটনরা।

লিটনের দল চূড়ান্ত হলেও অনিশ্চয়তা কাটেনি মুস্তাফিজকে ঘিরে। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলা বাহাঁতি পেসার এবার অনলাইনে দলবদলের টোকেন নিয়েছেন। তবে নতুন কোনো দলের হয়ে এখনও সেই টোকেন জমা দেননি। 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পরামর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, মুস্তাফিজের সঙ্গে তাদের সব কিছু চুকে গেছে। নতুন দলে খেলতে কোনো বাধা নেই বাঁহাতি পেসারের। 

গুঞ্জন ছিল, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিতে পারেন মুস্তাফিজ। তবে দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ উড়িয়ে দিলেন এমন সম্ভাবনা। 

“আমাদের দল এখন পর্যন্ত গোছানোই আছে। নতুন কাউকে নেওয়ার কোনো আলোচনা নেই আপাতত। মুস্তাফিজুর রহমান মোহামেডানে খেলবে, এমন কোনো তথ্য জানা নেই আমার।”

তামিমের আশা, শিগগিরই ঠিকানা খুঁজে পাবেন মুস্তাফিজ।

“একটা জিনিস মনে রাখতে হবে, তারা দেশের সেরা ক্রিকেটার। তারা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবে না, এটা হতে পারে না। মুস্তাফিজুর রহমান অনেক বছর ধরে বাংলাদেশের সেরা পারফর্মার। লিটনও একই।”

“আমার কাছে সুযোগ ছিল। মিজান (ফরচুন বরিশাল ও গুলশান ক্রিকেটর ক্লাবের কর্মকর্তা মিজানুর রহমান) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। সুযোগ থাকায় আমরা নিতে পেরেছি। আমরা ভাগ্যবান। গুলশানের জন্যও ভালো যে, লিটনের মতো ক্রিকেটার খেলবে। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তারা লিটনের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি, মুস্তাফিজের জন্যও কোনো দল এগিয়ে আসবে।”

সিসিডিএম সূত্রে জানা গেছে, নতুন দল চূড়ান্ত হলে নিবন্ধন করে যে কোনো সময় মাঠে নামতে পারবেন মুস্তাফিজ।