Published : 06 May 2026, 10:06 PM
রাজধানীতে ১৮ লাখ বর্গফুট আয়তনের ‘গ্রিন আইকনিক’ অফিস ভবন নির্মাণ করবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
এই আইকনিক টাওয়ার নির্মাণের জন্য তিন পরামর্শক কোম্পানির সঙ্গে আলাদা চুক্তি করার কথা বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত রোববার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, প্রকল্পের আর্কিটেকচারাল, কন্সট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং কাজে পরামর্শক হিসেবে থাকছে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট , অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট ও বিএন ইঞ্জিনিয়ারিং।
১৪ দশমিক ৩ বিঘা জায়গার ওপর ওয়ালটন আইকনিক টাওয়ারের আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রাথমিক ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলা ‘অত্যাধুনিক ও টেকসই গ্রিন অফিস’ ভবন নির্মাণ করা হবে। এ ভবনে আরো ৩টি বেজমেন্ট থাকবে।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলমের সঙ্গে অ্যাবোড অব কনসালট্যান্টসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম শামিম জেড বসুনিয়া, ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেটের ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিং এর চিফ এক্সিকিউটিভ অফিসার আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির নিজ চুক্তিতে সই করেন।
ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস এম মাহবুবুল আলম বলেন, "ওয়ালটনের আইকনিক মেগা অফিস কমপ্লেক্স হবে একটি আধুনিক, স্মার্ট ও টেকসই কর্মপরিবেশের প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু একটি অফিস ভবন নির্মাণ করছি না; বরং তুলে ধরছি বাংলাদেশের শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস।"
আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ বলেন, "এই মেগা আইকনিক ভবনের আর্কিটেকচারাল ডিজাইনে আমরা গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব।"