Published : 30 Apr 2026, 11:04 PM
চলতি অর্থবছরে প্রথম নয় মাসে ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে নয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা কমেছে।"
"মোট আয় বাড়া সত্ত্বেও ভ্যাট বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে, কিন্তু পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে।"
চলতি হিসাব বছরের ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে নগদ প্রবাহে বড় উন্নতি কোম্পানিটির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
ওয়ালটন বলছে, "আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩২ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা ঋণাত্মক ছিল।
"তৃতীয় প্রান্তিক শেষে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৯০ পয়সা।"