কোভিড: একদিনে শনাক্ত ১৮৩, মৃত্যু নেই
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ।
দেশে গত একদিনে ১৮৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়।
তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ০৬ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪২৪ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৭০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৩টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। খুলনা বিভাগে গত একদিনে কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়নি বেল জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ৯ লাখ।
