কোভিড: বুস্টার ডোজের বিশেষ কর্মসূচিতে সাড়া কম
সারাদেশে এক দিনে ৭৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে হাসপাতালে ভিড় নেই তেমন।
মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচির আওতায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার টিকাদান কেন্দ্রে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, খুব বেশি মানুষ তৃতীয় ডোজ টিকা নিতে আসননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম দিন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলে বিশেষ এই টিকাদান কর্মসূচির সময় আরও বাড়ানো হবে।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, বুথের বাইরে কিছু লোক টিকার জন্য অপেক্ষা করছেন। তবে সেখানে খুব বেশি ভিড় নেই।
টিকাদান কর্মসূচিতে যুক্ত সালাহ উদ্দিন নামে একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন কুর্মিটোলা হাসপাতালে বেলা ১১টা পর্যন্ত ৯৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বনানীর একটি বায়িং হাউজের কর্মী মো. মামুন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৯ সেপ্টেম্বর করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার এসেছেন বুস্টার ডোজ নিতে।
“আসলে দুই ডোজ নেওয়ার পর বুস্টার ডোজ নেওয়ার তেমন আগ্রহ ছিল না। এ কারণে এতদিন নিইনি। ক্যাম্পেইন চলছে শুনে টিকা নিতে এলাম।”
কুড়িল বিশ্বরোড এলাকার শিহাব উদ্দিনও এসেছেন বুস্টার ডোজ নিতে। গত মার্চে বুস্টার ডোজ নেওয়ার জন্য এসএমএস পেয়েছিলেন তিনি।
“কিন্তু মোবাইল থেকে এসএমএস ডিলিট হয়ে গিয়েছিল। আর টিকা নিতে কিছুটা অবহেলাও ছিল। ফলে এতদিন টিকা নিইনি।”
বাড্ডা এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম দ্বিতীয় ডোজ নিয়েছেন গত ২ ফেব্রুয়ারি।৮ জুন বুস্টার নেওয়ার তারিখ ছিল ছিল। কিন্তু ‘ব্যস্ততার কারণে’ সে সময় নেওয়া হয়নি তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নানা কাজে ব্যস্ত ছিলাম। এছাড়া আগের মত এতটা ভয়ও নাই। ফ্রি হওয়ায় আজ আসলাম।"
“বুস্টার ডোজে মানুষের আগ্রহ কমে গেছে মনে হয়। গণটিকার সময় প্রতিদিন হাজার-বারশো ডোজ টিকা দিতাম। দুই ডোজ নেওয়ার পর অনেকের আগ্রহ কমে গেছে, এছাড়া ঈদের ছুটির পর অনেকে এখনও ঢাকার বাইরে। এটা কারণ হতে পারে।”
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কেন্দ্রেও তেমন ভিড় দেখা যায়নি। ওই কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৫১০ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী তানিয়া আক্তার।
“সামনে করোনাভাইরাসের যে কোনো ঢেউ মোকাবেলায় আরো বেশি মানুষকে বুস্টার ডোজ দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বুস্টারের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হচ্ছে। একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দিতে না পারলে এই ক্যাম্পেইন আগামী আরো দুই-এক দিন চলবে।”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার এক সংবাদ সম্মেলনে একদিনে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
দেশে রোববার পর্যন্ত ১২ কোটি ৯৪ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনভাইরাসের টিকার অন্তত এক ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
