কোভিড: একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ১৬১১
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে দেশে গত এক দিনে সাতজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৮৯০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।
নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ৯৫৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৬টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
গত এক দিনে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজ নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন করে রাজশাহী ও খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৫ কোটি ৩৫ লাখের বেশি।
