২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্তের হার বেড়ে ৭.৪%

গত এক দিনে ৩৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।

কোভিড: শনাক্তের হার বেড়ে ৭.৪%

কোভিড পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 04:44 PM

Updated : 08 Sep 2022, 05:07 PM

দেশে গত এক দিনে সাড়ে তিনশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আবার ৭ শতাংশ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে, যা আগের দিন ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল।

এক মাস পর সোমবার এক দিনে ৩৩৩ বেশি কোভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। মঙ্গলবার শনাক্ত হয় ৩১৩ জন নতুন রোগী, শনাক্তের হার আরও বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়।

বুধবার নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে ২৮২ জন হলেও শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। বৃহস্পতিবার শনাক্ত রোগী চারশর কাছাকাছি পৌঁছে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার বেড়ে সাড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছাল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩০ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।