২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: আরও ১১০ রোগী শনাক্ত

দিনে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ।

কোভিড: আরও ১১০ রোগী শনাক্ত

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 04:58 PM

Updated : 26 Jun 2023, 04:58 PM

দেশে গত একদিনে আরও ১১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৭৬টি নমুনা পরীক্ষা করে এই ১১০ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ; আগের দিন এই হার ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জন। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৬১ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৪৮ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৩৪৮ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০১ জন ঢাকার; এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ২ জন এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী ও কক্সবাজারে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। 

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।