২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ১৪০ রোগী, মৃত্যু ১

একদিনে সেরে উঠেছেন ১৭২ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 04:57 PM

Updated : 12 Jun 2023, 04:57 PM

করোনাভাইরাসে ৬ দিন বাদে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ গত ৬ জুন দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত কয়েকদিন দিন ছিল মৃত্যুশূন্য। সবশেষ প্রাণ হারানো ব্যক্তির মৃত্যু হয়েছে ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। ২০১২টি নমুনা পরীক্ষা করে এদের শনাক্ত করা হয়। এতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ।

সপ্তাহখানেক ধরে দিনে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা একশর আশেপাশে থাকছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭২ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮৭০ জন।

গত একদিনে শনাক্ত ১৪০ জন রোগীর মধ্যে ১২৭ জনই ঢাকার। এছাড়া কক্সবাজার ও সিলেটে ৪ জন করে এবং মৌলভীবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।