১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাষা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় স্পেন

“রবীন্দ্রনাথের কবিতা অনুবাদের মাধ্যমে স্প্যানিশ ভাষার সঙ্গে বাংলা ভাষার সেতুবন্ধন তৈরি হয়,” বলেন শ্র্যামাপ্রসাদ গাঙ্গুলী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2024, 08:22 PM

Updated : 24 Feb 2024, 08:22 PM

বাংলা ভাষার সঙ্গে স্প্যানিশ ভাষা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা। 

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে সপ্তম আইবেরো-আমেরিকান  সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুইদিনের এই সেমিনারের মূল প্রতিপাদ্য-  ‘বাংলা, হিন্দি এবং স্প্যানিশের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক: একটি নতুন স্পন্দন’। 

স্পেনের রাষ্ট্রদূত বলেন, “ভাষা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও স্প্যানিশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে। এর আগে ছয়টা সেমিনার হয়েছে। আমি বিশ্বাস করি, এই সেমিনারগুলোর মাধ্যমে ভালো ফলাফল অর্জিত হয়েছে- সেটাই মুখ্য বিষয়। সেটার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।” 

কেটেড্রা ইনডিটেক্স বাংলাদেশের পরিচালক অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কোরা বলেন, এই সেমিনার  বাংলা, হিন্দি ও স্প্যানিশ ভাষার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। 

“আমাদের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই তিনটি ভাষার কমন রুট রয়েছে। গত ত্রিশ বছর ধরে আমরা চেষ্টা করছি এই ভাষাগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে, যার দ্বারা বাংলাদেশ ও স্প্যানিশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।” 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্প্যানিশ ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ শ্র্যামাপ্রসাদ গাঙ্গুলী, যিনি ‘শাশ্বত মৌচাক: রবীন্দ্রনাথ ও স্পেন’ বইয়ের লেখক। 

শ্র্যামাপ্রসাদ গাঙ্গুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা সাহিত্যের প্রথম স্প্যানিশ অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই শুরু হয়েছিল। বাংলা ভাষার বাইরে পৃথিবীতে কোথাও যদি রবীন্দ্র বেঁচে থাকেন, সেটা হচ্ছে স্পেন। রবীন্দ্রনাথের কবিতা অনুবাদের মাধ্যমে স্প্যানিশ ভাষার সঙ্গে বাংলা ভাষার সেতুবন্ধন তৈরি হয়।” 

সেমিনারে ভারতের উক্সসেন বিশ্ববিদ্যালয়ের সমাজভাষাবিদ অনিক নন্দী ‘ইউরোপে নতুন কথক এবং সংখ্যালঘু ভাষা পুনরূদ্ধার: গ্লোবাল নর্থকে সাউথের সাথে সংযুক্ত করা’ শীর্ষক আলোচনা করেন। 

সাহিত্যিক রাজু আলাউদ্দিন ‘স্প্যানিশ ও বাংলার মধ্যে ভাষা ও সাহিত্যের সম্পর্ক’ নিয়ে আলোচনা করেন। 

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসা, দিল্লির সের্বান্তেস ইনস্টিটিউটের পরিচালক  অস্কার পুজোল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত ছিলেন।