জুলাই স্মৃতি সংগ্রহশালা আপাতত ডাকসু ভবনের দোতলায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালায় স্থান পাবে।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দোতলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালায় স্থান পাবে।
একইসঙ্গে হতাহতদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভায় অন্যান্যের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন।
