ব্যাংক নিয়ে সমস্যা সারা বিশ্বেই আছে: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “ব্যাংকিং ব্যবসাটাই এমন যে, এগুলো হতেই থাকবে। আপনাকে যেটা করতে হবে, সেটি হল, যখনই কোনো ঘটনা ঘটবে, আপনাকে আইনি সংস্কার, তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। এগুলো বাংলাদেশে হচ্ছে।”
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন, ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সমস্যা নিয়ে আলোচনা কখনও বন্ধ হবে না।
তিনি এমনও দাবি করেছেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়। সারা বিশ্বেই এই বিষয়গুলো আছে। ব্যাংকের ব্যবসাই ‘আসলে এমন।’
তার মতে তদারকি, কোনো ঘটনা ঘটলে সেই কেলেঙ্কারি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষের দায়িত্ব। বাংলাদেশ এই কাজগুলো করছে বলেও দাবি করেছেন তিনি।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’ এ যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় গোষ্ঠী বেক্সিমকো’র ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
বঙ্গবাজারসহ বেশ কিছু আলোচিত আগুন, ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং সেগুলো প্রতিরোধে সরকারি সংস্থাগুলোর যা করার কথা ছিল, তা করা হচ্ছে কি না, তা ছিল আলোচনার বিষয়। শিরোনাম ছিল ‘সাম্প্রতিক বিপর্যয়গুলোর কারণ কি প্রশাসনিক ব্যর্থতা?’
তবে ৪০ মিনিটের এই অনুষ্ঠানে ব্যাংকিং, পুঁজিবাজার, নিত্যপণ্যের দাম, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে প্রশ্ন রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে।
ব্যাংকে ঋণ কেলেঙ্কারি, খেলাপি ঋণ আর অর্থপাচার নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। এর শেষ কবে হবে?
এমন প্রশ্নে সালমান বলেন, “আমি মনে করি না কখনও এই আলোচনা বন্ধ হবে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক ক্ষেত্রে কী হচ্ছে তা আমরা জানি। যদি ক্রেটিড সুইসের মতো ব্যাংকে খেলাপি ঋণ নিয়ে সমস্যা থাকতে পারে,… ব্যাংকে এই সমস্যাগুলো সারা বিশ্বেই আছে, কেবল বাংলাদেশে নয়।“
তিনি বলেন, “ভারতে গত কয়েক বছরে ব্যাংকিং খাতে বিশাল অঙ্কের কেলেঙ্কারি হয়েছে। ব্যাংকিং ব্যবসাটাই এমন যে, এগুলো হতেই থাকবে। আপনাকে যেটা করতে হবে, সেটি হল, যখনই কোনো ঘটনা ঘটবে, আপনাকে আইন সংস্কার, তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। এগুলো বাংলাদেশে হচ্ছে।”
এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার মতে ব্যাংকের এই সমস্যার সমাধানের একটি হাতিয়ার হলো মূলধন বাড়ানো।
“আমাদের অনেকগুলো ব্যাংক আছে। কিন্তু অনেকগুলো ব্যাংকের মূলধন খুবই ছোট। যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আমাদের ব্যাংকগুলোর তা মোকাবিলা করার জন্য পর্যাপ্ত মূলধন থাকা উচিত।… কাঠামোগতভাবে ব্যাকিং সিস্টেমকে শক্তিশালী করতে আমি মনে করি মূলধন বাড়াতেই হবে।
“দ্বিতীয়ত যেটা করতে হবে, সেটা হল আইনের প্রয়োগ। অপরাধের দায়ে শাস্তি নিশ্চিত করতে হবে।“
সালমানের দাবি, শাস্তি নিশ্চিত করতে যেসব কাজ করা উচিত, তা করেছে সরকার।
“যতগুলো ঘটনা ঘটেছে, সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির কথাই ধরুন। কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘদিন জেলে ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও তাই হয়েছে। যেখানেই ইচ্ছাকৃত প্রতারণা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
“আরেকটা বিষয় হচ্ছে, ব্যাংকে প্রতারণার প্রায় সবগুলোই বাংলাদেশ ব্যাংকই চিহ্নিত করেছে। তার মানে তাদের তদারকির ব্যবস্থা আছে।”
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, কেউ বলতে পারে যে কেন এসব ঘটছে এবং কেন এগুলো ঠেকানো যাচ্ছে না।
“এটা করা খুবই কঠিন। যেমন, কেউ যদি কোনো অপরাধ করতে চায়, তাহলে তাকে সেই অপরাধ থেকে ঠেকানো খুবই কঠিন।
“আমরা যেটা করতে পারি, সেটা হলো কেউ কোনো অপরাধ করলে প্রথমত, দ্রুততম সময়ে সেটা শনাক্ত করা এবং দ্বিতীয়ত, তার শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ। সরকার এই দুই ক্ষেত্রেই কাজ করছে।”
খেলাপি ঋণ আদায় নিয়ে আলাদা একটি কোম্পানি হওয়ার কথা বহু বছর ধরে। এ বিষয়টি নিয়ে সরকারের চিন্তা কী, তাও জানতে চাওয়া হয়েছিল ইনসাইড আউটে।
সালমান এফ রহমান বলেন, “এ বিষয়ে আইনের একটি খসড়া করা হয়েছে। এটা কীভাবে গঠিত হবে, সে বিষয়ে সরকার কাজ করছে। অন্যান্য দেশের মডেলগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। একেক দেশ একেক মডেল ব্যবহার করে, আমাদের জন্য কোনো উপযোগী সেটা নিতে হবে।“
পুঁজিবাজারের মৌলিক সমস্যা ‘যেখানে’
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন ধরে যে হতাশা, সেটি নিয়েও কথা বলেন সালমান এফ রহমান, যাকে নিয়ে বছরের পর বছর ধরে পুঁজিবাজার সংশ্লিষ্টরা আলোচনা করে থাকেন।
“পুঁজিবাজার তো দাঁড়াতেই পারছে না। বলা হয়, দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পুঁজিবাজারের কোনো মিলই নেই। এ নিয়ে সমালোচনাও কম না। একটি শক্ত ভিত্তি পাবে বিনিয়োগকারীরা?”
- ইনসাইড আউটের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয় সালমান এফ রহমানের কাছে।
জবাবে তিনি বলেন, “আমি সব সময় যেটা বলি, সেটা হল, আমাদের পুঁজিবাজারে খুবই গুরুতর কাঠামোগত সমস্যা রয়েছে। আমাদের শেয়ারবাজারের ৮০ থেকে ৯০ শতাংশ লেনদেন হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের দ্বারা। আমাদের কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই।”
সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কারা- এই প্রশ্নে তিনি বলেন, “পেনশন ফান্ড, বড় ব্রোকারেজ হাউজ, ইনভেস্টমেন্ট ব্যাংক, যারা গবেষণা করে দেখেশুনে এবং কোন পর্যায়ে গেলে শেয়ার ছাড়বেন সেটা ঠিক করে কোনো শেয়ার কেনেন। এটা বাজারে স্থিতিশীলতা ও পরিপক্কতা আনে।”
কেবল উন্নত বা উন্নয়নশীল দেশ নয়, অনেক অনুন্নত বা উদীয়মান দেশের পুঁজিবাজারের বেশিরভাগ বিনিয়োগকারীই প্রাতিষ্ঠানিক জানিয়ে তিনি বলেন, “কিন্তু আমাদের এখানে অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী। এ কারণে আমাদের বাজার মৌলিকভাবে উন্নতি করছে না।”
পরিস্থিতি পাল্টাতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তাও তুলে ধরেন সালমান। তিনি বলেন, “সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা অনেক কিছুই করছে। আমরা বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, মার্কেট মেকার লাইসেন্স দিচ্ছি।”
“কিন্তু সবই হচ্ছে কাগজে কলমে, কিন্তু কোনো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠছে না”, হতাশা ঝরে তার কণ্ঠে।
সালমান বলেন, “সরকার পরিবেশ তৈরি করছে। কিন্তু বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা পুঁজিবাজারে ব্যবসা করতে চান, আপনাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান গড়তে এগিয়ে আসতে হবে। তখনই কেবল আমাদের পুঁজিবাজার স্থিতিশীল হবে। তখন আমরা শেয়ার বাজারকে বাস্তবিক ও স্থিতিশীল করতে কাজ করব।”
এখানে আইনি নিয়ন্ত্রণ ও আইন বলবৎ আছে জানিয়ে উপদেষ্টা বলেন, “ভালো শেয়ারবাজারের যা যা বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা তার সব কিছু এখন বাংলাদেশে রয়েছে। আগে ইলেকট্রনিক ট্রেডিং ছিল না, সিডিবিএল ছিল না। এখন সবই আছে।
“যদি কারসাজি হয় বা ইনসাইডার ট্রেডিং হয়, তাহলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু কঠোর ব্যবস্থা নেয়।… কিন্তু আপনি খুব ভালো রেগুলেটর পেতে পারেন, কিন্তু যদি খুব শক্তিশালী, গতিশীল ও প্রাণবন্ত বাজার না থাকে, তাহলে আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন?”
“এখন আমাদের মার্কেট খুবই ছোট। জিডিপির তুলনায় বাজার মূলধন খুবই কম। এটাকে বাড়াতেই হবে’, বলেন তিনি।
একজন বিদেশি বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশি কোম্পানির অডিটেড রিপোর্টে ‘আস্থা রাখেন না’। এই ব্যর্থতা কার, সেই প্রশ্ন রাখা হয়েছিল সালমান এফ রহমানের কাছে।
তার জবাব, “এ ক্ষেত্রে আমরা দারুণ একটি কাজ করেছি, যা অন্য অনেক দেশই করেনি। আমরা একটি আইন করেছি যাতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখন থেকে এসব নিরীক্ষা প্রতিবেদন যাচাই বাছাই করবে এবং তারাই এর জন্য দায়বদ্ধ থাকবে।
“এখন একটি তথ্যভাণ্ডার গড়ে উঠছে এবং আমি মনে করে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে সমস্যাগুলো আর থাকবে না।”
মূল্যস্ফীতিসহ সব কিছু সফলতার সঙ্গে মোকাবিলার দাবি
মূল্যস্ফীতিসহ নানা কারণে সাধারণের জীবন কঠিন হয়ে গেছে। উত্তরণের কোনো আভাস কি দেখছেন?
এমন প্রশ্নে সালমান বলেন, “সরকার খুবই দূরদর্শী পদক্ষেপ নিয়েছে এবং যেটাকে আমি পূর্ব সতর্কতামূলক মনে করি, আইএমএফের কাছে যাওয়া এবং ঋণ নিয়ে দেনদরবার করা।
“কেবল দেনদরবার নয়, খুব কম সময়ের মধ্যে ঋণের অর্থ পেয়ে যাওয়া। এটা আন্তর্জাতিকভাবে শক্তিশালী সংকেত পাঠিয়েছে যে, আমাদের অর্থনীতি ভালো অবস্থায় আছে। তা না হলে আইএমএফ আমাদেরকে এত দ্রুত ঋণ দিত না।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “কোভিড ও ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে ডলারের দাম বৃদ্ধি, টাকার মান পড়ে যাওয়ার প্রেক্ষাপটে আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সংকটের চ্যালেঞ্জ বাংলাদেশ ‘খুব সফলতার’ সঙ্গে মোকাবেলা করেছে।”
তিনি বলেন, “সরকার খুবই প্রায়োগিক পদক্ষেপ নিয়েছে। এ কারণে বাংলাদেশ অন্যদের তুলনায় খুব সফলতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আমদানি নিয়ন্ত্রণ করেছি। ২০২২ সালের মার্চ মাসের ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার আমদানির বিপরীতে গত মাসে অর্ধেক কমে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারে, অর্থাৎ অর্ধেকে নেমে এসেছে।
“আমদানি কমিয়ে, নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যে বাধ্যবাধকতা দিয়ে এবং পণ্যের দম কম বা বেশি দেখিয়ে আমদানীর সুযোগ নিয়ন্ত্রণের মাধ্য আমরা আমাদের রিজার্ভকে সহায়ক পর্যায়ে নিয়ে এসেছি।”
সালমান বলেন, “আমরা এখন নানাভাবে সামলানোর চেষ্টা করছি, কিন্তু যুদ্ধ যদি চলমান থাকে, আর পণ্যের দাম বাড়তে থাকে, তাহলে আমাদের অর্থনীতির উপর ধাক্কা থাকবে।”
‘দাম নিয়ন্ত্রণের মাধ্যমে’ মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলেও মনে করেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “চাহিদা ও জোগানের উপর ভর করে মূল্য চলে। আপনি যদি জোগান ঠিকমত রাখতে পারেন, তাহলে একটা পর্যায়ে দাম থাকবে।
“দাম নিয়ন্ত্রণ করা হয়, যাতে ব্যবসায়ীরা খুব অতিরিক্ত মুনাফা না করতে পারে, আমরা সেটাই করছি। আপনার যদি মনে হয়, কেউ একজন খুব বেশি দাম নিচ্ছে, যা সে অতীতে খুব কম দামে আমদানি করেছে এবং খুব বেশি দাম যাচ্ছে, তখন দাম নিয়ন্ত্রণের বিষয় আসে।”
তিনি বলেন, “দাম ঠিক রাখার জন্য মনিটরিং অব্যাহত রাখতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, ক্যাব প্রভৃতি সংস্থা এই চেষ্টা চালাচ্ছে।”
