২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরন বুঝে বর্জ্য ফেলতে আরএফএল আনল ‘টুইন বিন’

আরএফএলের ওয়েবসাইটে টুইন বিনের অর্ডার করা হলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 09:47 PM

Updated : 08 Sep 2022, 09:47 PM

পচনশীল ও অপচনশীল ধরনের ময়লা আলাদা করে ফেলার জন্য আরএফএল নিয়ে এসেছে ‘টুইন বিন’।
সাধারণ মানুষের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়াতে গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যারের ‘বিনস অব চেইঞ্জ’ ক্যাম্পেইনের আওতায় এই ডাস্টবিন চালু করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল বলেছে, বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় তাদের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

এ অনুষ্ঠানেই আরএফএল হাউজওয়্যারের নতুন পণ্য টুইন বিনের মোড়ক উন্মোচন করা হয়।

এই ডাস্টবিনে রয়েছে দুটি ভাগ; এক পাশে ফেলা যাবে পচনশীল বর্জ্য এবং অপর পাশে অপচনশীল বা রিসাইক্লেবল বর্জ্য।
বাসা-বাড়িতে এই দুই ধরনের বর্জ্য ভিন্ন বিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে এ পণ্যটি বাজারে আনা হয়েছে বলে জানাচ্ছে আরএফএল হাউজওয়্যার ।
আরএন পাল বলেন, “প্রতিদিন উৎপাদিত বর্জ্যের সিংহভাগই উৎপাদিত হয় ঘর-বাড়িতে। এসব বর্জ্যের মধ্যে পচনশীল ও অপচনশীল- দুই ধরনের বর্জ্যই মিশ্রিত থাকে।

”এর ফলে এই ময়লাগুলো আলাদা করে পরবর্তী জীবনচক্রে সংযোজন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এবং অধিকাংশ ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হয়ে ওঠে না। পচনশীল বর্জ্য এক পর্যায়ে মাটিতে মিশে গেলেও অপচনশীল বর্জ্য দূষিত করে রাস্তাঘাট ও নদীনালা; যার প্রতিফলন হিসেবে ঘটছে পরিবেশ বিপর্যয়।”

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ সচেনতামূলক ক্যাম্পেইন নিয়ে তিনি বলেন, “আরএফএলের বিনস অব চেইঞ্জ ক্যাম্পেইন কথা বলে পরিবর্তনের...।

”যেখানে দুটি ভিন্ন বিন ব্যবহার পরিবর্তন আনবে আমাদের অভ্যাসের এবং বর্জ্য ব্যবস্থাপনায়। এক্ষেত্রে এই নতুন পণ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরএফএল হাউজওয়্যার পরিকল্পনা নিয়ে কোম্পানির নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম বলেন, “বৃহৎ পরিসরে এই অভ্যাসের পরিবর্তনকে রূপ দিতে আরএফএল হাউজওয়্যার স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রতিষ্ঠানে বিনামূল্যে বিন দেবে।

”সেইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সঠিক জায়গায় ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।”

তিনি বলেন, এই ক্যাম্পেইনের আওতায় একটি অনলাইন গেইম চালু করা হয়েছে, যার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুই ধরনের বর্জ্য আলাদা করে ফেলার অভ্যাস গড়ে তোলা হবে।
আরএফএল হাউজওয়্যারের হেড অব মার্কেটিং ইসফাকুল হক ও ব্র্যান্ড ম্যানেজার শফিক শাহিনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএফএল জানিয়েছে, তাদের ওয়েবসাইটে নতুন পণ্য টুইন বিনের অর্ডার করা হলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।