২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিনিউয়েবল এনার্জি অ্যাডাপশন অ্যাওয়ার্ড’ পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 09:28 PM

Updated : 21 Jan 2024, 09:28 PM

দ্য এশিয়ান বিজনেস রিভিউ সাময়িকীর ইএসজি বিজনেস অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। 

রোববার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি কুড়িগ্রামের ঘুঘুমারী চরের সুবিধাবঞ্চিত ৭৫০ জনকে বিদ্যুৎ সুবিধা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক সংস্থা ফ্রেন্ডশিপ’র সহযোগিতায় ‘সোলার ভিলেজ প্রজেক্ট’র আওতায় এই সুবিধা দেওয়া হয়। 

চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে অবদান রাখায় ‘রিনিউয়েবল এনার্জি অ্যাডাপশন’ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে ইএসজি বিজনেস অ্যাওয়ার্ডস কমিটি। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, চরাঞ্চলে ৫৪ কিলোওয়াট সোলার মাইক্রো-গ্রিড এবং ৬০টি নলকূপ স্থাপনে অবকাঠামোগত উন্নয়নই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের এ যৌথ উদ্যোগের উদ্দেশ্য। 

তাছাড়া জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রকল্পের আওতায় ১ হাজার ৩৫০টি চারাগাছ রোপণ করা হয়েছে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটোপি দাস চৌধুরী বলেন, “মূল ভূখণ্ড থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েও কীভাবে নির্ভরযোগ্য পুনঃনবায়নযোগ্য শক্তির ব্যবহার ইতিবাচক রূপান্তর ঘটাতে পারে, তার একটি উজ্জ্বল উদাহরণ হলো ঘুঘুমারী। 

“সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের সহায়তা করায় আন্তর্জাতিক মহলের এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে।”