বাংলাদেশ ব্যাংক খোলা ৯টা থেকে ৫টা
কর্মঘণ্টা ঠিক রেখে শুধু অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে বাংলাদেশ ব্যাংকের অফিসসূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
বুধবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কাজ হত।
অর্থাৎ, কর্মঘণ্টা ঠিক রেখে শুধু অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি অভ্যন্তরীণ সার্কুলার জারি করে সকল শাখা অফিসকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুলই ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে।”
মন্ত্রীপরিষদ সচিব সোমবার সচিবালয়ে ঘোষণা দেন, সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। আর ব্যাংক খোলা থাকবে ৯টা থেকে ৫টা পর্যন্ত।
সোমবারই সরকারের নির্দেশনা মেনে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে দাপ্তারিক ও লেনদেন পরবর্তী কাজ শেষ করতে বাণিজ্যিক ব্যাংক বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের কর্মঘণ্টা ১ ঘণ্টা কমিয়ে আনা হলেও ব্যাংকের কর্মঘণ্টা কমানো হয়নি।
মঙ্গলবার আলাদা সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া বিশেষ রেপোর মাধ্যম অর্থ ধার করা যাবে বিকেল ৪টা পর্যন্ত।
আরে রেপো ও রিভার্স রেপো লেনদেন হবে বেলা ২টা পর্যন্ত; আন্তঃব্যাংকে রেপো লেনদেন হবে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া ব্যাংকগুলো নিজেদের মধ্যে অনলাইনে অর্থ ধার নিতে ইডিএস মানি (ইলেকট্রনিক ডিলিং সিস্টেম ফর ইন্টার ব্যাংক মানি মার্কেট) প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
