২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলশিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরিতে ইউনিলিভারের উদ্যোগ

‘ডাভ ডে’ উপলক্ষে গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে এই কর্মশালা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:23 PM

Updated : 31 Oct 2022, 09:23 PM

শিক্ষার্থীদের আত্মমর্যাদাবোধ ও শারীরিক গঠন নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব তুলে ধরতে ঢাকা ও চট্টগ্রামের এক হাজার শিক্ষার্থীকে নিয়ে এক কর্মশালা করেছে ইউনিলিভার বাংলাদেশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, প্রতিষ্ঠানের ৪০ জন কর্মী এক হাজার স্কুল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই কর্মশালা করে।

ইউনিলিভারের ‘ডাভ সেলফ-এস্টিম প্রজেক্ট’ (ডিএসইপি)-এর কর্মসূচি ‘ডাভ ডে’ উপলক্ষে গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর বাস্তবায়ন অংশীদার হিসেবে ছিল ‘টিচ ফর বাংলাদেশ’ (টিএফবি), যারা দেশের সব শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এই কর্মশালা পরিচালনার জন্য ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের একটি প্রশিক্ষণ সেশনে অংশ নিতে হয়েছিল, যার আয়োজন করে টিএফবি-এর ‘প্রোগ্রাম স্পেশালিস্ট’রা।

ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড ওয়েলবিং ও পারসোনাল কেয়ার-এর মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, “প্রতি দশজনের মধ্যে আটজন মেয়ে তাদের বাহ্যিক অবয়ব নিয়ে এতটা উদ্বিগ্ন থাকে যে, তারা এ কারণে গুরুত্বপূর্ণ অনেক বিষয়েই অংশ নিতে চায় না এবং এ চিত্রটা আমরা বদলাতে চাই। এ কারণেই আমরা তাদের মধ্যে নিজেদের সম্ভাবনা অনুধাবন ও আত্মমর্যাদাবোধ তৈরিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।”

টিএফবির ভারপ্রাপ্ত সিইও ইজমা রহমান বলেন, “টিচ ফর বাংলাদেশ, বিশ্বাস করে প্রতিটি শিশুই ভালোবাসা, মর্যাদা ও প্রগাঢ় মমতার দাবিদার। ডাভ ডে উপলক্ষে ইউনিলিভারের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারবে তথাকথিত সৌন্দর্যের ধারণা সামাজিকভাবে আরোপিত এবং তারা তাদের মতোই করেই সুন্দর ও ভালোবাসার যোগ্য।

“টিএফবির লক্ষ্য শিশুদের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে সহযোগিতা করা। দুটি প্রতিষ্ঠানের যৌথ স্বপ্ন পূরণের অংশ হিসেবে, এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”

২০৩০ সালের মধ্যে দেশের ৫০ লাখ শিশুকে শারীরিক গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ২০০৪ সালে ‘ডাভ সেলফ-এস্টিম প্রজেক্ট’ বৈশ্বিকভাবে যাত্রা শুরু করে।