অনলাইন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইইউবি
ফাইনালে ভারতের ইনস্টিটিউট অব কানপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আইইউবির দল।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে হেমন্তকালীন অনলাইন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর দাবা দল ‘আইইউ মিনেটস’।
ফাইনালে ভারতের ইনস্টিটিউট অব কানপুরকে পরাজিত করে আইইউবির দলটি চ্যাম্পিয়ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চেইস ডটকমের আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইইউবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৩০টি দল এতে অংশ নেয়। গ্রুপ পর্যায়ে প্রথম স্থান অধিকার করা আইইউ মিনেটস টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে ইউনিভার্সিটি অব ওয়াটারলু, ব্রাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেপটাউন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), রচেস্টার ইনস্টিটিউট টেকনোলজি এবং কোলবি কলেজ দলকে হারায়।”
আইইউবির দাবা দলে ছিলেন অমিত বিক্রম রায়, আয়মান সাদ হামিদ, কাজী জেরিন তাসমিন, বেনিয়ামিন রবিন রহমান, জাস্টিন মেথিয়াস। তাদের মেন্টর হিসেবে কাজ করেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ।
