হজ ফাইন্যান্সের ঋণ ও সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’- এ
ভবিষ্যতে ‘নগদ’ অ্যাপে ডিপিএস সুবিধাসহ বিভিন্ন ঋণ সুবিধা নিতে পারবেন হজ ফাইন্যান্সের গ্রাহকরা।
হজ ফাইন্যান্সের গ্রাহকরা তাদের ঋণ বা হজের জন্য সঞ্চয়ের কিস্তি মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ‘নগদ’ এর অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর দিলকুশায় হজ ফাইন্যান্স- এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
সেখানে বলা হয়, এ চুক্তির ফলে ‘নগদ’ গ্রাহকরা তাদের ঋণ অথবা হজের জন্য সঞ্চয়ের কিস্তি পরিশোধ করতে পারবেন নগদ অ্যাপে। পাশাপাশি ভবিষ্যতে হজ ফাইন্যান্সের গ্রাহকরা এই অ্যাপে ডিপিএস সুবিধাসহ ন্যানো লোন, মাইক্রো লোন, রিটেইল লোন ও এসএমই লোন সুবিধা নিতে পারবেন।
নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ এবং হজ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মসিউদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ আ মো. শফিউদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ আমিনুর রহমান বলেন, “নগদ বরাবরই ইসলামী শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং কার্যক্রমের নানা সুযোগ সুবিধা নিয়ে এসেছে। যারা হজের জন্য সঞ্চয় করতে চান, তাদের জন্য আবারও সুখবর আনল নগদ। এখন থেকে সারা দেশের মানুষ হজ ফাইন্যান্স- এর যে কোনো সুবিধা ঘরে বসেই নিতে পারবেন।”
